ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতিসমূহের ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ বলেছেন, পোশাকশ্রমিক-নেতা আমিনুল হত্যাকাণ্ড ইউরোপ-আমেরিকা ভালোভাবে নেয়নি। তারা পোশাকশিল্প খাত থেকে মুখ ফিরিয়ে নিতে পারে।ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে গতকাল শুক্রবার এক গোলটেবিল বৈঠকে এ কে আজাদ এসব কথা বলেন। ‘গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে ও উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে রেশনিং, আবাসন, স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে আসন্ন বাজেটে বিশেষ বরাদ্দের প্রয়োজনীতা’ শীর্ষক এই গোলটেবিলের আয়োজন করে বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন। বৈঠকে আসন্ন বাজেটে শিল্প ও পোশাকশ্রমিকদের জন্য বিশেষ বরাদ্দ রাখার দাবি জানান এই খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতারা।এফবিসিসিআইয়ের সভাপতি আরও বলেন, পোশাকশিল্প ও রাজনীতিতে অস্থিতিশীল পরিস্থিতির কারণে তারা (ইউরোপ-আমেরিকা) হয়তো নতুন করে এ খাতে বিনিয়োগ করবে না; যা আমাদের অর্থনীতি ও পোশাকশিল্পের জন্য মারাত্মক হুমকি। এ সংকট নিরসনে সরকার, মালিক, শ্রমিককে একত্রে কাজ করতে হবে। তিনি বলেন, আসন্ন বাজেটে শ্রমিকদের রেশনিং, আবাসন ও স্বাস্থ্য খাতে বিশেষ বরাদ্দের দাবি ন্যায়সংগত। এগুলো তাদের মৌলিক অধিকার। সরকারকে এ অধিকার নিশ্চিত করতে হবে।বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, বাজেট প্রণয়নের প্রক্রিয়া গণতান্ত্রিক বা গণমুখী নয়। বাজেট প্রণয়নের প্রক্রিয়া হলো আমলাতান্ত্রিক। এ বাজেট শিল্প বা পোশাকশ্রমিকদের জন্য নয়, বড়লোকের জন্য। এমনকি এখানে জবাবদিহিরও কোনো সুযোগ নেই।বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি মাহবুবুর রহমান বলেন, সামরিক ও পুলিশ বাহিনীর দরে শ্রমিকদের রেশন প্রদানসহ আবাসন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাজেটে তাঁদের জন্য বরাদ্দের বিকল্প নেই।গোলটেবিল বৈঠকে বক্তারা আসন্ন বাজেটে শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ বরাদ্দের পক্ষে যুক্তি দিয়ে বলেন, শ্রমিকেরা ভালো না থাকলে এ খাত থেকে ভালো উৎপাদন সম্ভব নয়। আর উৎপাদন ভালো না হলে বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়।