আমিনুল হত্যাকাণ্ডের শেষ অবস্থা জানাতে সিআইডিকে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিকনেতা আমিনুল ইসলাম হত্যা মামলা তদন্তের সর্বশেষ অবস্থা জানাতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের আইন শাখা-২ থেকে গতকাল মঙ্গলবার এ চিঠি পাঠানো হয়। এতে তদন্তের অগ্রগতি জানাতে মন্ত্রণালয় সাত দিন সময় বেঁধে দেয় সিআইডিকে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির সহকারী পুলিশ সুপার ফজলুল কবীর বলেন, এর আগেও মন্ত্রণালয় চিঠি দিয়েছিল। তখন শেষ অবস্থা জানানো হয়েছে। প্রতি মাসেই তদন্তের অবস্থা জানানো হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন, গত ১৯ জুনও এ রকম একটি চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু সিআইডি থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। সূত্র জানায়, গত বছরের ৩ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাঞ্চল্যকর মামলা তদারকি সেলের ৭১তম সভায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রতিবেদনে বলা হয়, আমিনুলের সন্দেহভাজন খুনির সঙ্গে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দুই কর্মকর্তার যোগাযোগের প্রমাণ পেয়েছেন এ ঘটনার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা। এর সূত্র ধরে তাঁরা এনএসআইয়ের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদও করেছেন। গত ৪ এপ্রিল নিখোঁজ হওয়ার পরদিন আমিনুলের ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়।