আমিনুল হত্যাকারীদের খুঁজে বের করুন: এইচআরডব্লিউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিকনেতা আমিনুল ইসলামের হত্যাকারীদের খুঁজে বের করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গত মঙ্গলবার এইচআরডব্লিউর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই আহ্বান জানোনো হয়।

আমিনুলকে অপহরণ, নির্যাতন ও হত্যার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জড়িত থাকার অভিযোগসহ গোটা বিষয়টি তদন্তে কী প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে তা জনসমক্ষে প্রকাশেরও দাবি জানিয়েছে নিউইয়র্কভিত্তিক সংগঠনটি।

এইচআরডব্লিউর বিবৃতিতে বলা হয়, আমিনুল হত্যার ঘটনায় পুলিশ একজন নিরুদ্দেশ সন্দেহভাজন ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ নথিভুক্ত করেছে। কিন্তু এ শ্রমিকনেতার হত্যার ষড়যন্ত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সম্পৃক্ত থাকার অভিযোগ তদন্তের কোনো চেষ্টাই এ অভিযোগনামায় দৃশ্যমান হয়নি।

বাংলাদেশের পোশাক কারখানার কর্মীদের অধিকার প্রতিষ্ঠার প্রচেষ্টায় নিয়োজিত সংগঠন বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার সলিডারিটির (বিসিডব্লিউএস) নেতা আমিনুল ইসলাম ২০১২ সালের ৪ এপ্রিল নিখোঁজ হন। দুদিন পর তাঁর লাশ পাওয়া যায়। লাশের শরীরে নির্যাতনের চিহ্ন ছিল। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জড়িত থাকার অভিযোগ ওঠে।

এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস জানান, মৃত্যুর পর দুই বছর পেরিয়ে গেছে এবং তিনটি তদন্তের পরও আমিনুলের পরিবার কিংবা জনসাধারণ কেউ তাঁর মৃত্যুর কারণ জানতে পারেনি। তিনি আরও জানান, এ শ্রমিকনেতার হত্যা-রহস্যের সমাধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংশ্লিষ্টতার অভিযোগসহ গুরুত্বপূর্ণ সবকিছুই খতিয়ে দেখা দরকার।

গত বছর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ মোস্তাফিজুর রহমান নামের এক পোশাককর্মীর বিরুদ্ধে আমিনুল হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ নথিভুক্ত করে। আমিনুল নিখোঁজ হওয়ার পর মোস্তাফিজকেও আর খুঁজে পাওয়া যায়নি।