
শ্রমিক সংগঠক আমিনুল ইসলাম হত্যার ঘটনায় ‘পলাতক’ মোস্তাফিজুর রহমানকে আসামি করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দেওয়া অভিযোগপত্র প্রত্যাখ্যান করেছে আমিনুলের পরিবার ও শ্রমিক সংগঠনগুলো। আমিনুল হত্যার বিচার দাবিতে গঠিত ‘কমিটি ফর জাস্টিস ফর আমিনুল’ গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়ে দেয়।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন নিহত আমিনুলের সহকর্মী বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির (বিসিডব্লিউএস) নির্বাহী পরিচালক কল্পনা আক্তার। বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি বাবুল আখতার এতে সভাপতিত্ব করেন।
কল্পনা আক্তার বলেন, ‘তদন্তকারী কর্মকর্তারাই আমাদের বলেছেন, অভিযুক্ত মোস্তাফিজুরের সঙ্গে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের দুই কর্মকর্তার সরাসরি যোগাযোগের তথ্য তাঁরা পেয়েছেন। তদন্ত কর্মকর্তারাই বের করেছেন যে সন্দেহভাজন মোস্তাফিজুর কোনো গার্মেন্টসের কর্মী নন, তিনি এনএসআইয়ের সোর্স। তবে আমরা কোনো সংস্থার বিরুদ্ধে অভিযোগ করছি না। আমাদের অভিযোগ সংস্থার দুই কর্মকর্তার বিরুদ্ধে, যাঁদের সঙ্গে মোস্তাফিজুরের যোগাযোগ ছিল।’
অভিযোগপত্রে আমিনুল হত্যাকাণ্ডে কেবলমাত্র মোস্তাফিজুরকেই অভিযুক্ত করা হয়েছে উল্লেখ করে কল্পনা বলেন, ‘আমরা মনে করি এতে অভিযুক্ত ব্যক্তিদের অভিযুক্ত করা হয়নি। তদন্তে সংশ্লিষ্ট সাক্ষীরা যে সাক্ষ্য দিয়েছেন তা অভিযোগপত্রে সঠিকভাবে প্রতিফলিত হয়নি। এই অভিযোগপত্র হাস্যকর ও মূল খুনিকে রক্ষার শামিল।’
বিসিডব্লিউএসের নির্বাহী পরিচালক বলেন, ‘আমিনুলের পরিবার ও তাঁর সহকর্মীদের পক্ষ থেকে আমরা এ অভিযোগপত্র প্রত্যাখ্যান করছি। এ বিষয়ে আইনগতভাবে প্রতিবাদ জানানো হবে।’
সভাপতির বক্তব্যে বাবুল আখতার বলেন, অভিযোগপত্রটি বানোয়াট, ভুল ও মিথ্যা। এতে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ত করা হয়নি। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের বাজার-সুবিধা (জিএসপি) ফিরে পেতে তড়িঘড়ি করে এ অভিযোগপত্র দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন। বাবুল আখতার সতর্ক করে দিয়ে বলেন, আমিনুল হত্যার বিচার করা না হলে শ্রমিকেরা আন্দোলনে নামবে।
সংবাদ সম্মেলনে পোশাকশ্রমিকদের আরও কয়েকটি সংগঠনের নেতারা বক্তব্য দেন।
আমিনুল ইসলাম বিসিডব্লিউএসের সংগঠক ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের নেতা ছিলেন। ২০১২ সালের ৪ এপ্রিল আশুলিয়া থেকে তিনি নিখোঁজ হন। পরদিন তাঁর ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায় টাঙ্গাইলের ঘাটাইলে। তদন্ত শেষে গত নভেম্বর মাসে সিআইডি অভিযোগপত্র দেয়।