আমিনুল হত্যার সুষ্ঠু তদন্ত চাইলেন মার্কিন কংগ্রেস সদস্য
শ্রমিকনেতা আমিনুল ইসলাম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত চেয়েছেন মার্কিন কংগ্রেস সদস্য স্যান্ডার মার্টিন লেভিন। গত শুক্রবার ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদেরের সঙ্গে বৈঠকে মার্টিন লেভিন এ আশাবাদ ব্যক্ত করেন বলে বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বৈঠকে কংগ্রেস সদস্য লেভিন আশাবাদ ব্যক্ত করেন, তাজরীন ফ্যাশনসের বিয়োগান্তক অগ্নিকাণ্ডের ঘটনার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের পোশাকশিল্পের নিরাপত্তাব্যবস্থা ঢেলে সাজানো হব। কারণ, একটি নেতিবাচক ঘটনা, যা বিশ্বজুড়ে সব ক্রেতা ও শ্রমিক অধিকারের সঙ্গে যুক্ত লোকজনের কাছে ভুল বার্তা দেবে। কংগ্রেস সদস্যকে রাষ্ট্রদূত আকরামুল কাদের বলেন, তৈরি পোশাক যুক্তরাষ্ট্রে মূল রপ্তানি পণ্য হলেও বাংলাদেশ মার্কিন বিশেষায়িত শুল্ক সুবিধা পায় না। ভবিষ্যতে বাংলাদেশের বাণিজ্য বাড়াতে হলে এ সুবিধা নিশ্চিত করা অপরিহার্য। তিনি বাংলাদেশ সরকার তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশের উন্নতি এবং দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত শ্রমিকদের জন্য যেসব পদক্ষেপ নিয়েছে, সে সম্পর্কে কংগ্রেস সদস্যকে অবহিত করেন। স্যান্ডার মার্টিন লেভিন মার্কিন কংগ্রেসের ওয়েজ অ্যান্ড মিনস কমিটির সবচেয়ে জ্যেষ্ঠ ডেমোক্র্যাট সদস্য। এ কমিটি সব ধরনের কর, ট্যারিফ ও শুল্কসংক্রান্ত বিষয় এবং সামাজিক নিরাপত্তা, বেকার ভাতাসহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে।