আমিনুল হত্যায় গোয়েন্দা সংস্থা জড়িত থাকতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিকনেতা আমিনুল ইসলাম হত্যায় একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছে ‘আমিনুলের জন্য ন্যায়বিচার দাবি কমিটি’। কমিটি আমিনুল হত্যা মামলাটিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) স্থানান্তরের দাবি জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ দাবি করা হয়। দীর্ঘ চার মাসেও আমিনুলের খুনিরা শনাক্ত না হওয়ায় সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে কমিটি।পোশাকশ্রমিক সংগঠক আমিনুল গত ৪ এপ্রিল আশুলিয়া থেকে নিখোঁজ হন। পরদিন টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের পাশে ঘাটাইল থানা এলাকায় তাঁর ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। এরপর চার মাস পার হলেও আমিনুল হত্যার কোনো কূলকিনারা হয়নি। আমিনুল বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটি (বিসিডব্লিউএস) নামের একটি বেসরকারি সংস্থার সংগঠক এবং শ্রমিক সংগঠন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের নেতা ছিলেন।সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ‘আমিনুলের জন্য ন্যায়বিচার দাবি কমিটি’র সমন্বয়ক ও বিসিডব্লিউএসের নির্বাহী পরিচালক কল্পনা আক্তার বলেন, ‘শ্রমিকদের বিভিন্ন দাবি আদায়ে সোচ্চার থাকার কারণে একটি প্রভাবশালী মহল আমিনুলকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। আমরা মামলার তদন্ত কর্মকর্তাদের কাছ থেকে জেনেছি, এই হত্যার সঙ্গে এনএসআইয়ের (জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা) কতিপয় কর্মকর্তা প্রত্যক্ষভাবে জড়িত থাকতে পারেন।’কল্পনা আক্তার বলেন, ‘৪ এপ্রিল সন্ধ্যায় আমিনুলকে ডেকে নিয়ে যান শ্রমিক মোস্তাফিজুর রহমান। আমিনুল হত্যা মামলার তদন্ত কর্মকর্তাদের কাছ থেকে আমরা জেনেছি, আমিনুলকে ডেকে নিয়ে যাওয়ার আগে-পরে মোস্তাফিজুরের সঙ্গে এনএসআইয়ের এক কর্মকর্তার মোবাইল ফোনে যোগাযোগ হয়েছিল। সেই মোস্তাফিজুরের হদিস পাওয়া যায়নি এখনো। এ ছাড়া এর আগে ২০১০ সালের ১৮ জুন ঢাকার শ্রমভবন থেকে এনএসআইয়ের সদস্যরা আমিনুলকে চোখ বেঁধে তুলে নিয়ে যান। তখন তাঁর শরীরে যেভাবে নির্যাতন করা হয়েছিল, মৃত্যুর পর তাঁর শরীরে প্রায় একই রকম ক্ষত পাওয়া গেছে। আমরা মনে করি, এনএসআইয়ের কতিপয় কর্মকর্তা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য আমিনুলকে হত্যা করেছেন। তদন্ত কর্মকর্তাদের বক্তব্য ও আগের ঘটনা মিলিয়ে আমাদের এমনটি মনে হচ্ছে।’সংবাদ সম্মেলনে কল্পনা আক্তার বলেন, ‘বর্তমানে আমিনুল হত্যা মামলার তদন্ত করছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে তদন্ত বাধাগ্রস্ত হচ্ছে। মামলাটির তদন্তভার সিআইডির কাছে দেওয়া উচিত বলে আমরা মনে করি।’বাংলাদেশ গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি বাবুল আক্তার বলেন, আমিনুলের খুনিদের দ্রুত গ্রেপ্তার করা না হলে ঈদের পর কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।সম্মেলনে আমিনুলের স্ত্রী হোসনে আরা ফাহিমা, মেয়ে সায়মা আক্তার, আমেরিকান সেন্টার ফর ইন্টারন্যাশনাল লেবার সলিডারিটির জ্যেষ্ঠ কাউন্সিলর এ কে এম নাসিম প্রমুখ বক্তব্য দেন।