আমিনুলের চাকার বাক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিচ্ছন্ন বাংলাদেশের বার্তা দিচ্ছেন আমিনুল ইসলাম। পিকচার প্যালেস মোড়ে।  প্রথম আলো
পরিচ্ছন্ন বাংলাদেশের বার্তা দিচ্ছেন আমিনুল ইসলাম। পিকচার প্যালেস মোড়ে। প্রথম আলো

২৫ ফেব্রুয়ারি। খুলনা নগরের রয়েল চত্বর। রাস্তার পাশে জটলা। কাছে গিয়ে দেখা গেল চাকা লাগানো বাক্স। সেটি পোস্টারে ঢাকা। ভেতরে দাঁড়িয়ে একজন। চোখে চশমা, মাথায় জাতীয় পতাকা। পোস্টারে লেখা, ‘পরিচ্ছন্ন বাংলাদেশ’ গড়ার আহ্বান।
জটলার মধ্যমণি মানুষটার নাম মো. আমিনুল ইসলাম। তিনি গাজীপুর সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক। হৃদয়ে তাঁর পরিচ্ছন্ন দেশ গড়ার প্রত্যয়। সুযোগ পেলেই ছুটে যান দেশের বিভিন্ন প্রান্তে। এলাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে সচেতনতামূলক প্রচারণা চালান।
ঠাকুরগাঁও সদরের বাসিন্দা আমিনুল। পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে। ২৪ ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছিল এক আন্তর্জাতিক সম্মেলন। তাতে যোগ দিতে এসেছিলেন আমিনুলের স্ত্রী উম্মে রায়হান। তিনি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক। স্ত্রীর সঙ্গে খুলনায় আসেন আমিনুল। এই সুযোগে বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছেন।
বাক্সটি ঠেলে নিয়ে হেঁটে হেঁটে প্রচারণা চালান আমিনুল। বাক্সের প্রতিটি পোস্টারে বড় অক্ষরে লাল কালিতে লেখা ‘পরিচ্ছন্ন বাংলাদেশ’। আছে লাল-সবুজ রঙের নানান সচেতনতামূলক বার্তা। একটিতে লেখা ‘আমরা করব জয় একদিন, উন্নত বিশ্বের অন্যতম বৈশিষ্ট্য তাদের পরিচ্ছন্ন পরিবেশ। আমাদের দেশকে উন্নত করতে আসুন গড়ে তুলি পরিচ্ছন্ন বাংলাদেশ’। আরও আছে ‘পরিচ্ছন্নতা রুচিবোধের পরিচায়ক! উন্নত বিশ্বের কাছে আমাদের প্রিয় বাংলাদেশ ডার্টি কান্ট্রি (নোংরা দেশ) হিসেবে পরিচিত। এ লজ্জা রাখি কোথায়?’
আমিনুল বললেন, ‘আমাদের নোংরা পরিবেশ আমাদেরই কর্মফল। বাইরের কেউ এসে আমাদের এখানে ময়লা ফেলে না।’ এমন ব্যতিক্রমী প্রচারণার ইচ্ছা কীভাবে জাগল প্রশ্নে আমিনুল বলেন, তিনি ২০১২ সালে দুই মাসের জন্য জাপানে যান। সেখানকার পরিবেশ দেখে বুঝতে পারেন, চাইলেই নিজের দেশকেও পরিচ্ছন্ন রাখা যায়। এর জন্য দরকার সচেতনতা। তাই ২০১৩ সাল থেকে তিনি একাই রাস্তায় নেমে পড়েন। নিজের সামাজিক আন্দোলনের নাম দেন ‘পরিচ্ছন্ন বাংলাদেশ’।
এ পর্যন্ত দেশের ৮-১০টি শহর ও শিক্ষাপ্রতিষ্ঠানে এভাবে প্রচারণা চালিয়েছেন আমিনুল। নিজের খরচে পোস্টার, ব্যানার-ফেস্টুন তৈরি করেছেন। প্রথমে দুটি পোস্টার নিয়ে জাতীয় প্রেসক্লাব, স্মৃতিসৌধ, সংসদ ভবন এলাকায় দাঁড়াতেন। মানুষের উৎসাহ পেয়ে পোস্টারের সংখ্যা বাড়ান। চাকার বাক্স তৈরি করেন।
আমিনুল বলেন, কয়েকজন পরিচ্ছন্নতাকর্মীকে দিয়ে শহর পরিষ্কার রাখা সম্ভব নয়। তাই আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা দরকার। আর পরিচ্ছন্ন দেশ গড়তে ছাত্রসমাজকে আগে সচেতন হতে হবে। শিক্ষার্থীরা যদি সচেতন হন এবং অন্যকে সচেতন করেন, তাহলে পরিচ্ছন্ন দেশ গড়া সময়ের ব্যাপার। তাঁর চাওয়া, পরিচ্ছন্নতার বিষয়টি স্কুলেসহ শিক্ষা কার্যক্রম হিসেবে বাধ্যতামূলক করা হোক।
রয়েল মোড়ে দাঁড়িয়ে আমিনুলের কথা শুনছিলেন পার্থ মণ্ডল। তিনি বরিশালের ব্রজমোহন কলেজ থেকে স্নাতকোত্তর শেষ করেছেন। বললেন, একজন বিসিএস ক্যাডার এভাবে পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন। বিষয়টি দেখে খুবই ভালো লাগল। এখন থেকে যেখানে-সেখানে থুতু ফেলার আগে স্যারের কথা মনে পড়বে।
বিষয়টি কেমনভাবে দেখেন আমিনুলের স্ত্রী উম্মে রায়হান? প্রথম প্রথম ভালোভাবে নেননি। তবে আমিনুল নিরাশ হননি। স্ত্রীকে বারবার বিষয়টির গুরুত্ব বুঝিয়েছেন। এখন সেই উম্মে রায়হানই এ কাজে আমিনুলকে উৎসাহ দেন। তিনি নিজেই প্রথম আলোকে বললেন সে কথা।