আমিরাতে অর্থ পাচার অভিযোগে অভিযোগপত্র দাখিলের সিদ্ধান্ত
৪৩ লাখেরও বেশি মার্কিন ডলার পাচারের অভিযোগে খাদ্যপণ্য আমাদানিকারক প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে দুটি আলাদা অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুদকের প্রধান কার্যালয়ে কমিশনের নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।
তদন্ত প্রতিবেদন সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি মেসার্স ফাইজ উদ্দিন অ্যান্ড কোম্পানির মালিক মোহাম্মদ রফিক ওরফে মোহাম্মদ রাফি আমদানিপত্র (এলসি) খুলে খাদ্যপণ্য আমদানির নামে ৪৩ লাখ ৪ হাজার ৭১৫ মার্কিন ডলার সংযুক্ত আরব আমিরাতে পাচার করেন বলে তদন্তে প্রমাণ পাওয়া গেছে।
প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সংশ্লিষ্টতা পাওয়ায় গত বছরের ২৭ ফেব্রুয়ারি রাজধানীর চকবাজার থানায় আলাদা দুটি মামলা করেছিল দুদক। এর মধ্যে ২ লাখ ৭৮ হাজার মার্কিন ডলার পাচারের অভিযোগে একটি এবং ৪০ লাখ ২৬ হাজার ৭১৫ মার্কিন ডলার পাচারের অভিযোগে অপর মামলাটি করা হয়।
দুদকের উপপরিচালক ঋত্বিক সাহা বিষয়টি তদন্ত করেন। তদন্তেও অভিযোগ প্রমাণিত হওয়ায় তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেয় কমিশন।
জানা গেছে, শিগগিরই আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হবে।
ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত
সাইকেলের যন্ত্রাংশ আমদানির নামে অর্থ পাচারের অভিযোগে আরেক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। মায়া ইসলাম নামের ওই ব্যবসায়ী রাজধানীর বংশালের মায়া ট্রেডার্সের স্বত্বাধিকারী।
আজ কমিশনের নিয়মিত বৈঠকে এ মামলার অনুমোদন দেওয়া হয়। এ ব্যবসায়ীর বিরুদ্ধে অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপপরিচালক সৈয়দ তাহসিনুল হক ১৭ হাজার ১২৭ মার্কিন ডলার পাচারের অভিযোগ আনেন। সাইকেলের যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে সরকারি ঘোষণায় আমদানি করা পণ্যের দাম কম দেখিয়ে এ পরিমাণ টাকা পাচার করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
অনুসন্ধানে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণ হওয়ায় অনুসন্ধান কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলার সিদ্ধান্ত দেয় কমিশন।
জানা গেছে, শিগগিরই এ ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করা হবে।