আমিরাতে এক বাংলাদেশি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্ষের ভাড়া পরিশোধ করা নিয়ে বাগিবতণ্ডা ও মারামারির সময় সঙ্গীকে হত্যা এবং আরেক সঙ্গীকে আহত করার অভিযোগে সংযুক্ত আরব আমিরাতের পুলিশ এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে।
পালিয়ে যাওয়ার চেষ্টার সময় শনিবার সংযুক্ত আরব আমিরাতের সীমান্ত এলাকা থেকে শারজাহ পুলিশ সন্দেহভাজন ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
গতকাল রোববার খালিজ টাইমস এ খবর জানিয়েছে। তবে অভিযুক্ত ও হতাহত ব্যক্তিদের কারও নাম প্রকাশ করা হয়নি।
পত্রিকাটির খবরে বলা হয়, শারজাহ শিল্প এলাকার একটি বাসার একই কক্ষে ওই তিনজন বাস করতেন। কক্ষের ভাড়া নিয়ে তাঁদের মধ্যে মারামারি বাধলে ওই বাংলাদেশি ছুরিকাঘাতে একজনকে হত্যা ও অপরজনকে আহত করেন। ২ সেপ্টেম্বর এ সহিংস ঘটনা ঘটে।
খবরে আরও বলা হয়, মারামারির কথা তাঁদের এক প্রতিবেশীকে জানানোর পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। আহত ব্যক্তিকে আল কুয়েতি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সুস্থ হয়ে উঠছেন। নিহতের লাশ ফরেনসিক গবেষণাগারে পাঠানো হয়েছে।
প্রতিবেশী ও পরিচিত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ সূত্রে পুলিশ জানায়, ওই তিনজন তিন বছর ধরে কক্ষটিতে একত্রে থাকতেন এবং বিভিন্ন কর্মস্থলে কাজ করতেন। অভিযুক্ত ব্যক্তি তাঁর দোষ স্বীকার করেছেন বলেও জানায় পুলিশ।