আমিরাতে নিহতদের লাশ কাল থেকে দেশে আসবে
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির আল আইনে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশিদের লাশ কাল রোববার থেকে ১৩ ফেব্রুয়ারির মধ্যে দেশে আসবে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তাঁদের লাশ আনা হবে।প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় ২০ জন বাংলাদেশির মৃত্যুর শোক পূরণ হওয়ার নয়। কোনো কিছু দিয়েই তাঁদের ফেরানো যাবে না। নিহত প্রত্যেকের লাশ দাফনের জন্য বিমানবন্দরে ৩৫ হাজার টাকা করে দেওয়া হবে। এ ছাড়া সরকার দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে। এর বাইরে নিহত ব্যক্তিরা যে কোম্পানিতে চাকরি করতেন, সেখান থেকে প্রত্যেকের জন্য প্রায় ৪০ লাখ টাকা করে ক্ষতিপূরণ আদায় করা হবে।গত সোমবার বাস ও লরির মুখোমুখি সংঘর্ষে এই ২০ বাংলাদেশিসহ ২২ জন মারা যান। তাঁদের লাশ বর্তমানে আল আইন হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে আটজনের বাড়ি চট্টগ্রামে, তিনজনের সিলেট বিভাগে এবং বাকিদের ঢাকার কাছের বিভিন্ন জেলায়।মন্ত্রী জানান, চট্টগ্রামের আটজনের লাশ ১০ ফেব্রুয়ারি আরব আমিরাত থেকে সরাসরি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হবে। সেখান থেকে পরিবারকে লাশ বুঝিয়ে দেওয়া হবে। ঢাকা বিমানবন্দরে আটজনের লাশ আসবে ১২ ফেব্রুয়ারি। সিলেটের কাছাকাছি জেলার তিনজনের লাশ আসবে ১৩ ফেব্রুয়ারি। একজনের পূর্ণাঙ্গ ঠিকানা এখনো পাওয়া যায়নি। ঠিকানা পেলে তাঁর লাশও সেভাবে আনা হবে।নিহত ব্যক্তিদের মধ্যে উজ্জ্বল বিশ্বাসের বাড়ির ঠিকানা জানা যায়নি।