আমিরাতে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে তিন দিনের সফরে গতকাল শনিবার আবুধাবিতে পৌঁছেছেন। এ সময় তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। খবর বাসস ও ইউএনবির।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি ফ্লাইটটি গতকাল বেলা সাড়ে ১১টায় (ইউএইর স্থানীয় সময়) আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ইউএইর সমাজকল্যাণ মন্ত্রী মারিয়াম মোহাম্মাদ খালফান আল রুমি ও ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মাদ ইমরান এবং দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রাসহ সেন্ট রেজিস হোটেলে যান। সফরকালে তিনি এ হোটেলেই থাকবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউএইর ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
আজ রোববার আবুধাবিতে যুবরাজ মোহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক করার কথা রয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রী আবুধাবিতে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন।
কাল সোমবার প্রধানমন্ত্রী ইউএইর ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মাদ বিন রশিদ আল মকতুমের সঙ্গে বৈঠক করতে দুবাই যাবেন। বৈঠকের পর রাস আল-খাইমাহ (আরএকে) সফর করবেন শেখ হাসিনা এবং সেখানকার শাসক শেখ সৌদ বিন আকর আল কাশিমির সঙ্গে বৈঠক করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সফরকালে বাংলাদেশ ও ইউএইর মধ্যে বাণিজ্য, জনশক্তি ও বিনিয়োগসংক্রান্ত ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।
এ ক্ষেত্রে দুই দেশের মধ্যে যেসব চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে পারে, তার মধ্যে রয়েছে ফরেন অফিস কনসালটেশন-বিষয়ক সমঝোতা স্মারক, জনশক্তি রপ্তানি পুনরায় চালু করতে ইউএইর একটি আউটসোর্সিং কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক এবং দণ্ডপ্রাপ্ত আসামি প্রত্যাবাসন এবং বিনিয়োগ সুরক্ষা ও সম্প্রসারণসংক্রান্ত চুক্তি।