আমিরাতে বাংলাদেশি নারী শ্রমিকেরা বঞ্চনার শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার কয়েকটি দেশের অভিবাসী নারী শ্রমিকেরা বঞ্চনা ও নির্যাতনের শিকার হচ্ছেন। পরিশ্রমের তুলনায় কম বেতন, দিনে ২১ ঘণ্টা পর্যন্ত কাজে বাধ্য করা এবং পর্যাপ্ত খাবার না দিয়ে মানসিক, শারীরিক এমনকি যৌন নির্যাতনে বাধ্য করা হচ্ছে এই শ্রমিকদের। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এক প্রতিবেদনে অভিবাসী নারী শ্রমিকদের এই বঞ্চনার কথা তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনের বিষয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন গত রাতে বিবিসিকে বলেন, অভিবাসী শ্রমিকদের ওপর নির্যাতন প্রতিরোধে সরকারের নানা উদ্যোগ রয়েছে। তিনি ক্ষতিগ্রস্তদের বিমাসুবিধা, আইনি সহায়তা ও দূতাবাসের সঙ্গে সরাসরি যোগাযোগ সুবিধার কথা উল্লেখ করেন।
প্রতিবেদনটির শিরোনাম দেওয়া হয়েছে ‘আমি তোমাকে কিনে নিয়েছি’ (আই অলরেডি বট ইউ)। ৭৯ পৃষ্ঠার প্রতিবেদনটি তৈরি করতে আমিরাতের ৯৯ জন অভিবাসী গৃহকর্মী, নিয়োগকারী প্রতিষ্ঠান, আইনজীবী ও অন্য পেশার মানুষের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। এ ছাড়া, অভিবাসী শ্রমিকদের ক্ষেত্রে শ্রম আইনের পূর্ণ বাস্তবায়নে ঘাটতি বা অনীহার বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।