আমিরাতে ভিসা প্রায় বন্ধ, সুরাহার উদ্যোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মসংস্থান, পর্যটন ও ব্যবসায়িক ভিসার পর এবার সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের নাগরিকদের জন্য ট্রানজিট ভিসাও প্রায় বন্ধ হয়ে গেছে। জানুয়ারির শেষ সপ্তাহ থেকে দেশটিতে ট্রানজিট ভিসা পাচ্ছেন না বাংলাদেশের নাগরিকেরা। শুধু বিশেষ পরিস্থিতিতে শর্ত সাপেক্ষে সীমিত আকারে ভিসা দেওয়া হচ্ছে।
কূটনৈতিক সূত্রগুলো এর জন্য সে দেশে বাংলাদেশের নাগরিকদের অপরাধে জড়িয়ে পড়ার ঘটনা বেড়ে যাওয়াকে অন্যতম কারণ বলে দাবি করছে। আর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র এবং জনশক্তি রপ্তানির সঙ্গে যুক্তরা মনে করছে, ওয়ার্ল্ড এক্সপো-২০২০-এর ভেন্যু হিসেবে দুবাইকে সমর্থন দেওয়া নিয়ে বাংলাদেশের অবস্থান এই সমস্যার একটি বড় কারণ। ওয়ার্ল্ড এক্সপোর আয়োজক হিসেবে শুরুতে রাশিয়াকে সমর্থন দিয়েছিল বাংলাদেশ। যদিও দ্বিতীয় দফায় ভোটাভুটির সময় বাংলাদেশ সিদ্ধান্ত পরিবর্তন করে দুবাইকে ভোট দেয়। এতে কিছুটা অসন্তুষ্ট হয়েছে সংযুক্ত আরব আমিরাত।
সংযুক্ত আরব আমিরাত ও কাতারের ব্যাপক অবকাঠামো নির্মাণের সুযোগ কাজে লাগিয়ে জনশক্তি রপ্তানি বাড়ানোর বিষয়টি সরকার রাজনৈতিক দূরদৃষ্টি দিয়ে দেখতে ব্যর্থ হয়েছে। এ কারণেই বাংলাদেশ এমন পরিস্থিতিতে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ থেকে বেরিয়ে আসার জন্য যে জোরালো কূটনৈতিক উদ্যোগ দরকার ছিল, তাও যথাসময়ে নেওয়া হয়নি।
এর কারণ, গত জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে সংঘাতময় রাজনীতিই সরকারের সব মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে ছিল। ফলে গোটা মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি ফের জোরদারের বিষয়টি দীর্ঘ সময় ধরে উপেক্ষিত থেকেছে।
মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাতে ২০১২ সালের আগস্টে বাংলাদেশের নাগরিকদের কর্মসংস্থান ভিসা প্রায় বন্ধ হয়ে যায়। গত বছরের নভেম্বরে বন্ধ হয়ে যায় ব্যবসায়ী ও পর্যটকদের ভিসা। বিশেষ পরিস্থিতিতে শুধু ঢাকার দূতাবাসের মাধ্যমে শর্ত সাপেক্ষে এখন ভিসা দেওয়া হচ্ছে।
তবে কর্মসংস্থান ভিসা বন্ধ থাকলেও দেশটিতে বাংলাদেশের নারীদের কর্মসংস্থান অব্যাহত রয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরাতের ভিসা বন্ধ হয়ে গেলেও তা খোলার ব্যাপারে সরকারের পক্ষ থেকে জোরালো কোনো উদ্যোগ নেই।
ঢাকার সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন, জনশক্তির গুরুত্বপূর্ণ বাজার আমিরাতে সম্প্রতি নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের ভাবমূর্তির সংকট সৃষ্টি হয়েছে। তবে বাংলাদেশ সরকার নাগরিকদের অপরাধপ্রবণতা কমাতে সচেষ্ট রয়েছে। এ ব্যাপারে আবুধাবি কর্তৃপক্ষের আস্থা অর্জন করতে পারলে ভিসা উন্মুক্ত হওয়ার বিষয়টি সহজতর হবে।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, আমিরাতে বিদেশি নাগরিকদের মধ্যে অপরাধমূলক তৎপরতার ওপরের সারিতেই রয়েছেন বাংলাদেশিরা। সাম্প্রতিক বেশ কয়েকটি নৃশংস খুনের সঙ্গে জড়িত ছিলেন বাংলাদেশের নাগরিকেরা। এ ছাড়া তাঁদের বিরুদ্ধে পতিতালয় ব্যবসা চালানো, গৃহপরিচারিকাদের জোর করে যৌন পেশায় বাধ্য করা, মানব পাচার, চুরি-ডাকাতি, নিষিদ্ধ পণ্যের চোরাচালান, মারামারি ও জুয়াসহ নানা ধরনের অপরাধের অভিযোগ রয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে সে দেশে ফাঁসির অপেক্ষায় আছেন ১৯ জন বাংলাদেশি। যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন ১০৪ জন। আট শতাধিক বাংলাদেশি বিভিন্ন অপরাধে নানা মেয়াদে কারাদণ্ড ভোগ করছেন।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, অপরাধমূলক কর্মকাণ্ড রোধে সম্প্রতি দুই দেশের মধ্যে নিরাপত্তা খাতে সহযোগিতার প্রস্তাব করেছে আমিরাত। দেশটি সাজা পাওয়া আসামি হস্তান্তর এবং নিরাপত্তা ও অপরাধমূলক তৎপরতার তথ্য বিনিময়ে চুক্তি করারও প্রস্তাব দিয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে ২০০৭ সাল থেকে বাংলাদেশের জনশক্তি রপ্তানির দ্বিতীয় প্রধান বাজার ছিল আমিরাত। প্রতিবছর দেশটিতে যাচ্ছিলেন দুই লাখ বাংলাদেশি। তবে ভিসা বন্ধ হওয়ার পর এ বাজার হারাতে বসেছে বাংলাদেশ। ২০১২ সালেও দুই লাখ ১৫ হাজার বাংলাদেশি সে দেশে গেছেন। আর ২০১৩ সালে গেছেন মাত্র ১৪ হাজার ২৪১ জন।
জানতে চাইলে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, ‘আমিরাতে কর্মী যাওয়া বন্ধ হয়নি। বাংলাদেশসহ কয়েকটি দেশ পর্যবেক্ষণে ছিল। এ প্রক্রিয়া শেষে কর্মসংস্থানের সুযোগ উন্মুক্ত হচ্ছে। এসব বিষয়ে আলোচনার জন্য আমি দেশটি সফরে যাওয়ার পরিকল্পনা করছি।’