আমিরাতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় বাংলাদেশি দেশে ফিরেছেন
সংযুক্ত আরব আমিরাতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় বাংলাদেশি নাগরিক অবশেষে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নিহত ব্যক্তির পরিবারকে ‘রক্ত-মূল্য’ পরিশোধের বিনিময়ে তাঁদের মুক্তির ব্যবস্থা করে। তিন বছর আগে পাকিস্তানের এক নাগরিককে হত্যার দায়ে তাঁদের মৃত্যুদণ্ড হয়েছিল। খবর বাসসের।আমিরাতের শরিয়া আইন অনুযায়ী নিহতের পরিবারকে ‘রক্ত-মূল্য’ পরিশোধের বিনিময়ে নিহতের পরিবার আসামিদের ক্ষমা করতে সম্মত হলে আমিরাতের বিচার বিভাগ তাঁদের মুক্তির আদেশ দেন। এর পরিপ্রেক্ষিতে চলতি সপ্তাহে দুই দফায় তাঁরা দেশে ফিরেছেন। দুবাইয়ে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি নাসরিন জাহান টেলিফোনে জানান, বাংলাদেশি ওই নাগরিকেরা গত তিন বছর থেকে আমিরাতের কারাগারে মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার অপেক্ষায় ছিলেন। তিনি বলেন, অবশেষে তাঁদের পরিবারের সঙ্গে দুই লাখ দিরহামে আপসরফা হয়েছে।২০০৭ সালে পাকিস্তানি ওই শ্রমিককে হত্যার পর থেকে মামলা ও অন্যান্য বিষয়ে সমঝোতা চালিয়ে আসছিলেন নাসরিন জাহান। তিনি বলেন, মুচলেকার সমুদয় অর্থ পরিশোধ করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। এ ছাড়া তাঁদের আইনজীবীর জন্য ব্যয় করা ৩০ হাজার দিরহামও দিয়েছে মন্ত্রণালয়।