আমিরাতের ভিসাপ্রক্রিয়া সহজ করার আহ্বান
বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের ভিসা সহজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি মোহাম্মদ শাহজাহান খান।
গতকাল বুধবার বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সাইয়িদ বিন হজর আল-শেহিকে ডিসিসিআইতে সৌজন্য সাক্ষাতে গেলে তিনি এ আহ্বান জানান। মোহাম্মদ শাহজাহান খান এ সময় বলেন, বাংলাদেশিদের বিশেষ করে ব্যবসায়ীদের জন্য ভিসা-প্রক্রিয়া আরও সহজ করলে তাঁরা নিজেদের ব্যবসায়িক কর্মকাণ্ড আরও সম্প্রসারণের সুযোগ পাবে। সাক্ষাতে তিনি বাংলাদেশের ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স এবং তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞদের আরও বেশি হারে আরব আমিরাতে কাজের সুযোগ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশ থেকে চা, কেমিকেল পণ্য, চামড়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, হালাল খাদ্য, শাক-সবজি ও আতর ইত্যাদি আরও বেশি করে আমদানির প্রস্তাব করেন।
সাইয়িদ বিন হজর আল-শেহি দুই দেশের বাণিজ্য সম্প্রসারণে আরও বেশি হারে বাণিজ্য প্রতিনিধিদল প্রেরণ এবং চেম্বার ও চেম্বারের মধ্যকার সম্পর্ক আরও বাড়ানোর প্রস্তাব করেন। ডিসিসিআইয়ের সহসভাপতি ওসামা তাসীর, খন্দকার শহীদুল ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।