আমিরাতের ভ্রমণ ভিসায় বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ীসহ পর্যটকদের সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ ভিসা পেতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
গতকাল সোমবার রাজধানীর গুলশানে সংযুক্ত আরব আমিরাতের কনস্যুলার সেকশন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, শ্রমিকদের ভিসা বন্ধ থাকার সমস্যাটি দ্রুত সমাধান হচ্ছে।
অনুষ্ঠানে আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা আহমেদ আল হাস আল দাহার বলেন, বাংলাদেশি পর্যটক ও ব্যবসায়ীদের ভিসা পেতে কোনো বাধা নেই। ২০১৪ সালেও আড়াই লাখ বাংলাদেশি আরব আমিরাতে ট্রানজিটসহ নানা ধরনের ভিসা পেয়েছেন। কিছু প্রক্রিয়া শেষে শ্রমিকদের ভিসা পাওয়ার ক্ষেত্রেও আর কোনো বাধা থাকবে না।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সায়ীদ বিন হাজার আল শাহি বলেন, আরব আমিরাত ও বাংলাদেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সামনের দিনগুলোতে ওই সম্পর্ক আরও জোরদার হবে।
অনুষ্ঠানে জানানো হয়, এটি আরব আমিরাতের বাইরে চতুর্থ ও দক্ষিণ এশিয়ায় প্রথম কনস্যুলার সেকশন কার্যালয়। এই কার্যালয়ের মাধ্যমে বাংলাদেশিদের ভিসা ও আরব আমিরাতে অবস্থানকারী বাংলাদেশিদের নানা ধরনের নিবন্ধনের কাজ করা হবে।