চট্টগ্রামে বিএনপির ডাকা গতকাল সোমবার সকাল-সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। তবে নগরের কোথাও পিকেটার দেখা যায়নি। সকালের দিকে কোনো যানবাহন চলাচল না করলেও দুপুরের পর থেকে ভারী যানবাহন চলাচল করে। গতকাল সকাল থেকে নগরের নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমানের অনুসারী নেতা-কর্মীরা যৌথভাবে সমাবেশে যোগ দেন। দীর্ঘদিন পর উভয় পক্ষের নেতাদের একত্রে সমাবেশ করতে এবং একই মঞ্চে বক্তব্য দিতে দেখা গেছে। হরতালের সমর্থনে সকাল থেকে বিএনপির নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে এসে জড়ো হন। পরে তাঁরা কার্যালয়ের বিপরীতে বড় সড়কের ফুটপাতের ওপর সমাবেশ করেন। নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এতে নেতৃত্ব দেন। সভায় নোমানপন্থী হিসেবে পরিচিত শ্রমিকনেতা এম নাজিম উদ্দিন তাঁর অনুসারীদের নিয়ে যোগ দেন। এ ছাড়া আদালত ভবন চত্বরেও বিএনপিপন্থী আইনজীবীরা সকালে মিছিল-সমাবেশ করেন।হরতালে সকাল থেকে নগরে রিকশা ছাড়া হালকা যানবাহন তেমন চলেনি। মাঝেমধ্যে অটোরিকশা ও টেম্পো চলতে দেখা গেছে। নগরের কোথাও পিকেটার ছিল না। তবে বেশির ভাগ দোকানপাট ছিল বন্ধ। ট্রেন ও বিমানের ফ্লাইট সময়মতো ছেড়ে গেলেও আন্তজেলা বাস সার্ভিস বন্ধ ছিল। আওয়ামী লীগ: অন্যান্যবারের মতো গতকাল রাজপথে ছিল না আওয়ামী লীগ। বিকেলে আন্দরকিল্লাহ মোড়ে নগর আওয়ামী লীগের উদ্যোগে হরতালবিরোধী সমাবেশ হয়। এতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা যোগ দেন। এতে নগর কমিটির সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাংসদ এম এ লতিফ, ইসহাক মিয়া, আ জ ম নাসির উদ্দিন বক্তব্য দেন।