আমু চা-বাগানে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আমু চা-বাগানে ১৪৪ ধারা জারি করা হয়েছে। জাতীয় শোক দিবস উপলক্ষে ওই চা-বাগানের একটি নির্দিষ্ট স্থানে চা-শ্রমিক জনগোষ্ঠী ও স্থানীয় আওয়ামী লীগ একই সময়ে পৃথক দুটি সভা আহ্বান করে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুজিবুর রহমান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে।আমু চা-বাগানে বিশৃঙ্খলা এড়াতে গতকাল বুধবার বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। চা-শ্রমিকেরা সভা করতে না পেরে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে বিক্ষোভ ও সমাবেশ করেন।প্রশাসন সূত্র জানায়, জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বাংলাদেশ চা-শ্রমিক জনগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আমু চা-বাগানে কাঙালিভোজ ও আলোচনা সভার আয়োজন করা হয়। পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগও একই স্থানে একই সময়ে সমাবেশ আহ্বান করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে সংশ্লিষ্ট এলাকায় গত মঙ্গলবার রাতে ১৪৪ ধারা জারি করা হয়। বাংলাদেশ চা-শ্রমিক জনগোষ্ঠী কেন্দ্রীয় কমিটির সভাপতি মণিশংকর কর্মকার বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালনে চা-শ্রমিকদের বাধা দেওয়ার প্রতিবাদ জানিয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৪৪ ধারা বহাল ছিল।