২০০৬ সালের ১১ জুলাই। ঘড়ির কাঁটায় তখন সকাল ১০টা ২২ মিনিট। হঠাৎ আমুট্ট লেভেল ক্রসিংয়ে ট্রেন-বাস দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ল। ঘটনাস্থলে ছুটে গিয়ে দেখা গেল, ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছেন হতাহত বাসযাত্রীরা। ঘটনাস্থলেই মেলে ৩২ জনের লাশ। আর দুর্ঘটনায় আহত হন অন্তত অর্ধশত। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজন প্রাণ হারান। ওই দুর্ঘটনায় মোট ৪০ জন বাসযাত্রী প্রাণ হারান।
এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছিল জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের আমুট্ট লেভেল ক্রসিংয়ে। আক্কেলপুর রেলস্টেশন থেকে উত্তর দিকে মাত্র আধা কিলোমিটার দূরে এই লেভেল ক্রসিংয়ের অবস্থান। ভয়াবহ ওই দুর্ঘটনার পর তৎকালীন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেন। স্থানীয়ভাবে তিন দিনের শোক পালন করা হয়। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারগুলোকে সরকারি অনুদানও দেওয়া হয়। ভয়াবহ এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসন ও বাংলাদেশ রেলওয়ে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করে।
জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে ট্রেন-বাস দুর্ঘটনাস্থল আমুট্ট লেভেল ক্রসিংয়ে স্থায়ীভাবে রেলগেট নির্মাণসহ ১০ দফা সুপারিশ জয়পুরহাট জেলা প্রশাসকের কাছে দেওয়া হয়। এরপর বাংলাদেশ রেলওয়ে দুর্ঘটনারোধে লেভেল ক্রসিংটির দুই পাশে ‘অননুমোদিত লেভেল ক্রসিং, নিজ দায়িত্বে পারাপার হউন’ লেখা সতর্কীকরণ সাইনবোর্ড আর সড়ক ও জনপথ বিভাগ (সওজ) স্পিডব্রেকার নির্মাণ করেই দায় সারে।
জানতে চাইলে ট্রেন-বাস দুর্ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির সদস্য আক্কেলপুর পৌরসভার তৎকালীন চেয়ারম্যান ও বর্তমান আক্কেলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান কমল বলেন, ২০০৬ সালের ১১ জুলাই আমুট্ট লেভেল ক্রসিংয়ে ট্রেন-বাস দুর্ঘটনায় ৪০ বাসযাত্রী প্রাণ হারান। ওই দুর্ঘটনার পর গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে দুর্ঘটনার কারণ ও দুর্ঘটনারোধে ১০ দফা সুপারিশ করা হয়েছিল। এর মধ্যে উল্লেখযোগ্য সুপারিশ ছিল আমুট্ট লেভেল ক্রসিংয়ে স্থায়ীভাবে রেলগেট নির্মাণ।
স্থানীয় বাসিন্দা, সওজ ও রেলওয়ে সূত্র জানিয়েছে, ওই ভয়াবহ দুর্ঘটনার পরও আমুট্ট লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা বন্ধ হয়নি। সেখানে স্থানীভাবে রেলগেট নির্মাণ না হওয়াটা দুর্ঘটনা বন্ধ না হওয়ার অন্যতম কারণ। ওই দুর্ঘটনার পর থেকেই জয়পুরহাট বাস-মালিক সমিতি নিজ উদ্যোগে সেখানে একজন পাহারাদার নিয়োগ দেয়। সকাল-সন্ধ্যা চলে এ পাহারা। কিন্তু রাতে লেভেল ক্রসিংটি পুরোপুরিই অরক্ষিত থেকে গেছে। ২০১৩ সালে রাত সাড়ে নয়টার দিকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মালামাল বোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। অল্পের জন্য বেঁচে যান ট্রাকের চালক ও সহকারী।
জয়পুরহাট বাস মালিক সমিতির সহসভাপতি পতন চৌধুরী বলেন, ‘লেভেল ক্রসিংটির রেলওয়ের আর সড়কটি সড়ক ও জনপথ বিভাগের। অথচ আমাদেরই¡সড়ক ও লেভেল ক্রসিংটি পাহারা দিতে হচ্ছে।’ তিনি বলেন, ট্রেন-বাস দুর্ঘটনার পর প্রাত্যহিক হাজিরা ভিত্তিতে একজনকে লেভেল ক্রসিংটি পাহারায় রেখেছেন তাঁরা।
ওই দুর্ঘটনায় নিশ্চিত মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা বাসযাত্রী আক্কেলপুর পৌর সদরের সিদ্ধির মোড়ের বাসিন্দা মাসুম হোসেন বলেন, ‘সেদিনের দুর্ঘটনার কথা মনে হলে আজও শরীর আঁতকে ওঠে। এতগুলো প্রাণ গেল, তবু লেভেল ক্রসিংয়ে সরকার গেট নির্মাণ করল না।’
আক্কেলপুর রেলওয়ে স্টেশনের মাস্টার খাদিজা খাতুন বলেন, আমুট্ট লেভেল ক্রসিংটি রেলওয়ের অনুমোদনপ্রাপ্ত না। নিজ দায়িত্বে লেভেল ক্রসিং পারাপার হতে হবে। গত ২০০৬ সালে ট্রেন-বাস দুর্ঘটনার পর বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সেখানে স্থায়ী রেলগেট নির্মাণের জন্য ৫৯ লাখ টাকা বরাদ্দ চেয়ে জয়পুরহাট সওজ বিভাগকে একটি চিঠি দিয়েছিল। কিন্তু সেই চিঠির আর কোনো সাড়া দেওয়া হয়নি।
এ ব্যাপারে বক্তব্যে জানতে গতকাল রোববার জয়পুরহাট সওজ বিভাগীয় কার্যালয়ে গিয়ে নির্বাহী প্রকৌশলী সুশীল কুমারকে পাওয়া যায়নি। তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সেটি বন্ধ পাওয়া গেছে। এ কারণে তাঁর বক্তব্যে জানা সম্ভব হয়নি।