আমুর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ঝালকাঠি-২ আসনের সাংসদ আমির হোসেন আমুর ঝালকাঠি শহরের রোনালসে রোডের বাসভবনের সামনে ও জেলা শহরের বিভিন্ন পয়েন্টে ককটেলের বিস্ফোরণ ঘটেছে।
১৮-দলীয় জোটের ডাকা ৮৪ ঘণ্টার হরতালের তৃতীয় দিন মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
রাতে শহরে এভাবে ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমির হোসেন আমুর বাসার সামনে ককটেল বিস্ফোরণের পর রাত একটার দিকে পুলিশ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বাসায় তল্লাশি চালায়। এ সময় তিনি বাসায় ছিলেন না।
পরে মনিরুল ইসলাম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, আমির হোসেনের নিজ দলের প্রতিপক্ষরা তাঁর বাসার সামনে ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে থাকতে পারে। এদিকে জেলার বিভিন্ন স্থান থেকে মঙ্গলবার রাতে পুলিশ চার বিএনপির কর্মীকে আটক করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, সাংসদের বাসার সামনে ককটেল বিস্ফোরণের পর পুলিশ সন্দেহভাজন চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
ঝালকাঠি জেলা আওয়ামী লীগ আমির হোসেনের বাসার সামনে বোমা বিস্ফোরণের ঘটনার নিন্দা জানিয়েছে।