আমুর বিরুদ্ধে ইসির অভিযোগ
শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণের অভিযোগ করে মন্ত্রিপরিষদ বিভাগের কাছে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। চিঠিতে বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আনার অনুরোধ জানানো হয়েছে।
গত ২৩ মার্চ কমিশন সচিবালয় থেকে চিঠিটি মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, গত ২১ মার্চ শিল্পমন্ত্রী ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মনিরুজ্জামানকে একটি জনসভায় পরিচয় করিয়ে দেন এবং তাঁর পক্ষে ভোট চান। বিষয়টি উপজেলা নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘণ।
চিঠিতে আরও বলা হয়েছে, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা সমপদমর্যাদার সরকারি সুবিধাভোগী কেউ নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না।
কমিশন সচিবালয় সূত্র আরও জানায়, যেসব জায়গায় ভোট জালিয়াতি ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে, কমিশন জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ থেকে সেই সংক্রান্ত তথ্য সংগ্রহ করছে। একই বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তাদের প্রতিবেদন দিতে বলা হয়েছে।
জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার আবদুল মোবারক প্রথম আলোকে বলেন, যেসব ভোটগ্রহণ কর্মকর্তা ভোট জালিয়াতির সঙ্গে জড়িত ছিল, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সেজন্য জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্তদের প্রাথমিক তালিকা তৈরি করা হচ্ছে।