আমৃত্যু অসাম্প্রদায়িক চেতনা লালন করেছেন আবদুল মতিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বহুমাত্রিক মানুষ ছিলেন আবদুল মতিন। ছিলেন মুক্তচিন্তার সাংবাদিক, লেখক, গল্পকার, ভ্রমণকাহিনিকার ও অনুবাদক। ইংরেজি ভাষার ওপর ছিল তাঁর অগাধ দখল। ইউরোপীয় সাহিত্য-সংস্কৃতি ও সভ্যতার ওপর তাঁর বিদগ্ধ অভিজ্ঞতা সমৃদ্ধ করেছে আমাদের সাহিত্যকে। আমৃত্যু অসাম্প্রদায়িক চেতনাকে লালন করেছেন তিনি।’গতকাল সোমবার মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং মুক্তচিন্তার সাংবাদিক ও লেখক আবদুল মতিনের স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে আয়োজন করা হয় এ স্মরণসভার। বক্তারা বলেন, আবদুল মতিন ১৯৭১ সালে লন্ডনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে অসাধারণ ভূমিকা পালন করেছেন। দেশের জন্য তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত আবদুল মতিন স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। তাঁর জীবন ও কর্ম নিয়ে কাদের মাহমুদের রচনা পাঠ করেন আশরাফুল আলম।অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন বিশিষ্ট প্রাবন্ধিক ও গবেষক মফিদুল হক। আবদুল মতিনকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তিনি বলেন, আমৃত্যু অসাম্প্রদায়িক চেতনাকে লালন করেছেন আবদুল মতিন। বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা অগ্রগণ্য। মুক্তিযুদ্ধ জাদুঘরেরও তিনি ছিলেন সুহূদ। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে বিশ্ব জনমত গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। মফিদুল হক বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর আবদুল মতিন এ নৃশংস হত্যাকাণ্ডের বিরুদ্ধে যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে ব্যাপক প্রচারণা চালান। এ ছাড়া বাংলাদেশে স্বৈরশাসনবিরোধী গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনেও বিভিন্ন সময় তিনি প্রবাসে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।অনুষ্ঠানে আবদুল মতিনের বই স্বাধীনতা সংগ্রামে প্রবাসী বাঙালি থেকে পাঠ করে শোনান তামান্না সারোয়ার। আবদুল মতিনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক হারুন অর রশীদ, কথাসাহিত্যিক সুলতানা আজিম প্রমুখ।অধ্যাপক হারুন অর রশীদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একাধিক গবেষণাগ্রন্থ লিখেছেন আদুল মতিন। বঙ্গবন্ধুর ওপর নির্ভরযোগ্য একজন গবেষক ছিলেন তিনি। এ ছাড়া ছিলেন মুক্তিযুদ্ধের পক্ষের একজন বলিষ্ঠ লেখক।