মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর দেওয়া আমৃত্যু কারাদণ্ডাদেশের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে আপিল করেছেন চাঁপাইনবাবগঞ্জের মাহিদুর রহমান।
মাহিদুর রহমানের আইনজীবী আবদুস সাত্তার গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় তিনি আপিল আবেদন জমা দেন। ৬০ পৃষ্ঠার মূল আপিল আবেদনের সঙ্গে প্রায় ৫০০ পৃষ্ঠার নথি জমা দেওয়া হয়েছে।
মুক্তিযুদ্ধকালে হত্যা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো অপরাধের দায়ে গত ২০ মে চাঁপাইনবাবগঞ্জের মাহিদুর রহমান ও আফসার হোসেনকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন ট্রাইব্যুনাল-২। তাঁদের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের মধ্যে দুটি প্রমাণিত হয়। প্রথম অভিযোগে দুই আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও দ্বিতীয় অভিযোগে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে দুজনকেই পাঁচ বছরের কারাদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে।
মাহিদুরের সঙ্গে সাজাপ্রাপ্ত আফসার হোসেন গতকাল পর্যন্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করেননি। ট্রাইব্যুনালে তাঁর পক্ষে ছিলেন আইনজীবী মিজানুল ইসলাম। রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর মিজানুল ইসলাম ওই মামলা আর পরিচালনা করেননি। আফসার হোসেন তখন আইনজীবী নিয়োগ না দিলে ট্রাইব্যুনাল রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে আবদুস সোবহান তরফদারকে তাঁর পক্ষে নিয়োগ দেন।
চাঁপাইনবাবগঞ্জের শিবগেঞ্জর মাহিদুর রহমান (৮৪) ও আফসার হোসেনের (৬৫) বিরুদ্ধে অভিযোগ, মুক্তিযুদ্ধের আগে তাঁরা মুসলিম লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন। একাত্তরে তাঁরা স্থানীয় রাজাকার বাহিনী ও শান্তি কমিটিতে যোগ দিয়ে স্থানীয় পর্যায়ে মানবতাবিরোধী অপরাধ করেন।