আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে আলীমের আপিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া আমৃত্যু কারাদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করেছেন বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীম। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আপিল আবেদন জমা দেওয়া হয়।
সুপ্রিম কোর্টের আইনজীবী জয়নুল আবেদীন তুহিন গতকাল আলীমের পক্ষে ১৪৬ পৃষ্ঠার আপিল আবেদন জমা দেন। আবেদনের সঙ্গে দুই হাজার ৮৭৮ পৃষ্ঠার সংশ্লিষ্ট নথিপত্র সংযুক্ত করে জমা দেওয়া হয়েছে। আপিলে তাঁকে খালাস দেওয়ার আবেদন জানানো হয়েছে।
গত ৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আলীমকে মৃত্যু পর্যন্ত কারাগারে থাকার সাজা দিয়ে রায় ঘোষণা করেন। রায়ে বলা হয়, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যা সংঘটনের দায়ে আলীমের সর্বোচ্চ সাজা প্রাপ্য। কিন্তু ৮৩ বছর বয়সী আলীমের শারীরিক অবস্থা দুর্বল। তিনি অন্যের সাহায্য ছাড়া চলাফেরা করতে পারেন না, তাঁর হুইলচেয়ার লাগে এবং বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন। এই শারীরিক অবস্থায় আলীমের সর্বোচ্চ সাজা লাঘব করে আমৃত্যু কারাদণ্ডের সাজা দেন ট্রাইব্যুনাল।
আলীমের পক্ষে আপিল আবেদনে বলা হয়েছে, একাত্তরে আলীম কোনো ধরনের মানবতাবিরোধী অপরাধ বা গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন না। রাষ্ট্রপক্ষের সাক্ষীদের মিথ্যা শোনা সাক্ষ্যের ভিত্তিতে ট্রাইব্যুনাল তাঁকে ভুল করে দোষী সাব্যস্ত করেছেন। এ জন্য আলীমকে ট্রাইব্যুনালের দেওয়া দণ্ড থেকে খালাস দেওয়া হোক।
আলীমের আইনজীবী তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, দণ্ড থেকে আলীমকে খালাস দেওয়ার জন্য আপিল আবেদনে ১২০টি যুক্তি উল্লেখ করা হয়েছে। আপিল বিভাগ দিন ধার্য করলে শুনানিতে এসব যুক্তি তুলে ধরা হবে।