আমৃত্যু কারাদণ্ডের সাজা পুনর্বিবেচনা চান সাঈদী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে সর্বোচ্চ আদালতের দেওয়া আমৃত্যু কারাদণ্ডের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে আবেদন করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী।
সাঈদীর আইনজীবীরা গতকাল রোববার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ পুনর্বিবেচনার আবেদন জমা দেন। আবেদনে আমৃত্যু কারাদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে খালাস চাওয়া হয়েছে।
এর আগে ১২ জানুয়ারি সাঈদীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া ফাঁসির রায় পুনর্বহাল চেয়ে পুনর্বিবেচনার আবেদন করে রাষ্ট্রপক্ষ। মানবতাবিরোধী অপরাধের এ মামলাটিতেই প্রথমবারের মতো রায় পুনর্বিবেচনা চায় রাষ্ট্রপক্ষ।
গতকাল পুনর্বিবেচনার আবেদন জমা দেওয়ার পর সাঈদীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, সাঈদীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ২০টি অভিযোগ এনেছিল। ট্রাইব্যুনালের রায়ে তাঁকে আটটি অভিযোগে সাজা দেওয়া হয়।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে খন্দকার মাহবুব আরও বলেন, আপিল বিভাগের সংখ্যাগরিষ্ঠ রায়ে সাঈদীকে চারটি অভিযোগ এবং একটি অভিযোগের অর্ধেকে তাঁকে সাজা দেওয়া হয়। আপিল বিভাগ পর্যালোচনা করে তাঁর ফাঁসি কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেন। পুনর্বিবেচনার আবেদনে আমৃত্যু কারাদণ্ডের সাজা থেকে খালাস চাওয়া হয়েছে।