আমে উচ্চমাত্রার ফরমালিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে আমে উচ্চমাত্রার ফরমালিন পাওয়া গেছে৷ প্রশাসনের পক্ষ থেকে জেলার বিভিন্ন বাজারে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে বিষয়টি ধরা পড়েছে৷ গতকাল রোববার সচেতনতামূলক প্রচারের জন্য জেলা গণযোগাযোগ অধিদপ্তরকে চিঠি দিয়েছে প্রশাসন৷
বিশেষজ্ঞরা বলছেন, ফরমালিনের কোনো সহনীয় মাত্রা নেই৷ এর যেকোনো মাত্রাই মানবদেহের জন্য ক্ষতিকর৷
সর্বশেষ গত শনিবার রাজশাহীর সবচেয়ে বড় আমের বাজার পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে অভিযান চালানো হয়৷ এতে পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার ফরহাদ আহাম্মেদ, রাজশাহীর নির্বাহী হাকিম হাফিজুর রহমান ও আলমগীর কবির নেতৃত্ব দেন৷
ইউএনও জানান, এই বাজারের আমে শূন্য দশমিক ৭১ থেকে শুরু করে ১০ পিপিএম পর্যন্ত ফরমালিনের উপস্থিতি পাওয়া গেছে৷ এ জন্য বানেশ্বর বাজারে চার ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা এবং পাশের বিড়ালদহ বাজারের দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে৷ সেই সঙ্গে দুই বাজার থেকে ৭০ মণ ফরমালিনযুক্ত আম জব্দ করে ধ্বংস করা হয়েছে৷ তিনি বলেন, রাজশাহী হচ্ছে আমের অঞ্চল৷ এখন আমের ভরা মৌসুম৷ জনস্বাস্থ্য এবং জনস্বার্থে তাঁদের এই অভিযান চালাতে হচ্ছে।
গত শনিবার অভিযান চলাকালে ব্যবসায়ীরা রাজশাহী-নাটোর সড়ক অবরোধ করে দুটি বাস ভাঙচুর করেন। একটি টেলিভিশন চ্যানেলের চিত্রগ্রাহককে পেটান ব্যবসায়ীরা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শটগান থেকে ১৫টি গুলি ছোড়ে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এর আগে ১০ জুন একই বাজারে অভিযান চালিয়ে ফরমালিনের উপস্থিতি পেয়ে আদালত দুটি আমের আড়ত থেকে ৫২ মণ আম জব্দ করেন৷ দুই ব্যবসায়ীর ৭৫ হাজার টাকা জরিমানা করেন৷
বিএসটিআই রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক আসলাম শেখ জানান, ৯ জুন তাঁরা জেলার পবা উপজেলার নওহাটা বাজারে অভিযান চালিয়ে আমে ফরমালিনের উপস্থিতি পেয়েছেন৷
রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলীম উদ্দিন বলেন, ফরমালিনের কোনো সহনীয় মাত্রা নেই। যেকোনো মাত্রাই মানবদেহের জন্য ক্ষতিকর অর্থাৎ কোনো মাত্রাই মানবদেহের জন্য স্বীকৃত নয়৷
রাজশাহীর পুলিশ সুপার আলমগীর কবির জানান, জেলা পুলিশের পক্ষ থেকে হাতমাইকে আমে রাসায়নিকের ব্যবহার সম্বন্ধে মানুষকে সতর্ক করা হচ্ছে৷ ফরমালিন ব্যবহারকারীকে ধরে দিতে পারলে পুরস্কার ঘোষণা করা হয়েছে৷ এ ছাড়া, বাঘা, চারঘাট ও পুঠিয়া উপজেলায় আটটি সচেতনতামূলক কর্মশালা করা হয়েছে৷
৫০০ আম ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা: এদিকে বানেশ্বর বাজারে ফরমালিনবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় ৫০০ আম ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ গত শনিবার রাতে পুঠিয়া থানার উপপরিদর্শক (এসআই) ডেভিড হিমাদ্রী বর্মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন৷
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ জানান, মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত চার-পাঁচ শ ব্যবসায়ীকে আসামি করা হয়েছে। তবে এ মামলায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি।