আমে ট্যালকম পাউডার!
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সীমান্তবর্তী আনন্দবাজারে আমে ট্যালকম পাউডার ছিটিয়ে তা বিক্রি করা হচ্ছে। পাউডার দিলে আম সহজে ঘামে না, নষ্টও হয় না—ওই বাজারের ব্যবসায়ীরা অন্তত তা-ই মনে করেন। কিন্তু চিকিৎসকেরা বলছেন, এই পাউডার পেটে গেলে পেটের পীড়াসহ চর্মরোগ হতে পারে।গোয়ালন্দ-তাড়াইল সড়কের পাশে উপজেলার উজানচর ইউনিয়নের ছাব্দুল খাঁর পাড়া গ্রামের অংশবিশেষ ও পার্শ্ববর্তী ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের কেদন মীরপাড়ার কিছু জায়গা নিয়ে গড়ে উঠেছে আনন্দবাজার নামে নতুন একটি বাজার। বাজারে প্রায় ১০০-র মতো দোকানপাট গড়ে উঠেছে।১ সেপ্টেম্বর সরেজমিনে দেখা গেছে, কয়েকটি মুদি দোকানে বিভিন্ন পণ্যের সঙ্গে আম, কলা, পেঁপেসহ অন্যান্য ফল বিক্রি হচ্ছে। ঘরভর্তি আমের ওপর সাদা পাউডার-জাতীয় পদার্থ ছিটিয়ে রাখা হয়েছে। আম বিক্রেতা মুদি দোকানদার খালেক খোন্দকার জানান, গোয়ালন্দ বাজারের বিভিন্ন আড়তদারের কাছ থেকে আমসহ অন্যান্য ফল তিনি কিনে এনে বিক্রি করছেন। আমের ওপর সাদা কী ছিটিয়েছেন জানতে চাইলে তিনি অকপটে বলেন, ‘মানুষের শরীরের ঘামাচি মারার জন্য যে পাউডার ব্যবহার করা হয়, তা ছিটিয়েছি।’ কথার বিশ্বাসযোগ্যতার জন্য তিনি তখনই একটি বাক্স থেকে ট্যালকম পাউডারের একটি কৌটা বের করে উপস্থিত সবার সামনে আমের ওপর ছিটাতে শুরু করেন। পাউডার ব্যবহারের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘গরমের কারণে আম ঘেমে তা দ্রুত পচে নষ্ট হয়ে যায়। এভাবে কয়েক দফা আম পচে অনেক টাকা লোকসান হয়েছে। একদিন গোয়ালন্দ বাজারের আড়ত থেকে আম আনার সময় রাজশাহী থেকে আসা একজন আমের ব্যবসায়ী বলেন, ‘মানুষ ঘামলে শরীরে যে পাউডার ব্যবহার করে, সেই পাউডার আমের ওপর ছিটিয়ে দিলে আর সহজে আম ঘামবে না, নষ্টও হবে না।’ এর পর থেকে আমি আমের ওপর এই পাউডার ছিটাই। শুনেছি এতে মানুষের কোনো ক্ষতি হয় না। কারণ, মানুষ আম তো ধুয়ে-ছিলে খাবে, ক্ষতি হবে কীভাবে?’ তিনি জানান, এক মণ আমের ওপর প্রতিদিন প্রায় ১০০ টাকার পাউডার ছিটাতে হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কে এম তারিক বলেন, ‘বিষয়টি দেখার দায়িত্ব উপজেলা স্যানিটারি কর্মকর্তার। ঘামাচি নিধনের জন্য ব্যবহূত ট্যালকম পাউডার পেটে গেলে অবশ্যই পেটের পীড়া দেখা দেবে। এ ছাড়া এ থেকে চর্মরোগও দেখা দিতে পারে।’