
দুটি বড় পাইকারি বাজার বাদামতলী ও কারওয়ান বাজারের ফলের আড়তে গত দুই সপ্তাহে অভিযান চালিয়ে আমে ফরমালিনের কোনো উপস্থিতি পাননি র্যাবের ভ্রাম্যমাণ আদালত। তবে গতকাল বুধবার রাজধানীর কারওয়ান বাজারের কলার আড়তে রাসায়নিক দ্রব্য দিয়ে কলা পাকানোর অভিযোগে ১৮ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়েছে। এ সময় প্রায় ৮০ হাজার রাসায়নিক দ্রব্যমিশ্রিত কলা ফেলে দেওয়া হয়।
গত বছর আমে ফরমালিন ঠেকাতে রাজধানীতে ঢোকার মুখে চৌকি বসিয়ে ফরমালিন পরীক্ষাসহ ব্যাপক অভিযান চালিয়েছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ফলের আড়তগুলোতে অভিযান চালিয়ে রাসায়নিক দ্রব্য প্রয়োগের অভিযোগে বিপুল পরিমাণ আম ধ্বংস করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম গতকাল প্রথম আলোকে বলেন, গতকাল কারওয়ান বাজারে আমের পাঁচটি আড়তে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। আদালতের সঙ্গে মান নিয়ন্ত্রণ সংস্থা বিএসটিআই ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তারাও ছিলেন। পাঁচটি আড়ত থেকে ২৪টি নমুনায় ১০০টির মতো আমের ফরমালিন পরীক্ষা করা হয়। এগুলোর কোনোটিতেই ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি। এর আগে গত ১৬ মে বাদামতলীতে তিনটি আড়ত থেকে ১২টি নমুনায় প্রায় ৬০টি আম পরীক্ষা করা হয়। এখানেও আমে ফরমালিনের উপস্থিতি পাওয়া যায়নি। তিনি বলেন, আমে ফরমালিনের প্রয়োগ রোধে গত বছরে ব্যাপক অভিযান ও মানুষের সচেতনতা বৃদ্ধির ফলে আমে ফরমালিন প্রয়োগের প্রবণতা কমেছে বলে তাঁরা মনে করছেন।
এদিকে ইথোফেন ও অন্যান্য ক্ষতিকর রাসায়নিক উপাদান দিয়ে কলা পাকানোর অভিযোগে কারওয়ান বাজারের ১০টি কলার আড়তের মালিক ও ব্যবসায়ীসহ ১৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পাঁচ ঘণ্টা অভিযান চলে।
কলায় রাসায়নিক দ্রব্য ব্যবহারের অভিযোগে বিসমিল্লাহ আড়তের জাহিদ হাসান, সেলিম শিকদার ও জাকির হোসেন, ইব্রাহিম আড়তের সালাম, রফিক উদ্দিন ও ফরহাদকে এক মাস করে, ভাই ভাই আড়তের সেলিম মিয়া, মায়ের দোয়া আড়তের মোজাম্মেল হক, আশরাফ উদ্দিন ও সোলায়মান, তোরাব আলী আড়তের সেলিম আবদুস সাত্তার ও দীন মোহাম্মদকে দুই মাস করে, মাহবুব অ্যান্ড সন্স আড়তের রমজান আলী, আরাম আড়তের রমজান আলী, তাজু আড়তের কবিরুল ইসলাম, শাহ আলম আড়তের সামসুল হককে তিন মাস করে এবং আদর্শ কলার আড়তের তারা মিয়াকে এক মাস ও সুমনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।