আমেজ নেই নির্বাচনের, এরশাদ-জি এম কাদের এখনো প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র কয়েক দিন বাকি থাকলেও জাতীয় সংসদ নির্বাচনের আমেজ নেই উত্তরের জেলা লালমনিরহাটে। জেলার তিনটি আসনের মধ্যে একটিতে ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হয়েছেন। বাকি দুটিতে কাগজে-কলমে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও তাঁর ভাই জি এম কাদেরের প্রার্থিতা বহাল থাকলেও তাঁরা নির্বাচনী মাঠে নেই। তাঁদের পক্ষে প্রচারণাও নেই।
এ দুই আসনে আওয়ামী লীগের দুই প্রার্থী মাঠে থাকলেও প্রচারণা দায়সারা। দলের নেতা-কর্মীরাও সেভাবে মাঠে থাকছেন না।
লালমনিরহাট-৩ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী আবু সালেহ মো. আবু সাঈদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে শহরে হামলার শিকার হয়েছেন দলীয় এক নেতা। তাঁর মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়। সদর উপজেলার বড়বাড়ী, মহেন্দ্রনগর ও পঞ্চগ্রাম ইউনিয়নের আওয়ামী লীগের অন্তত ২০ জন নেতা মার খেয়েছেন বিএনপির হাতে। অনেকে পালিয়ে বেড়াচ্ছেন। তাই এখানে শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে শঙ্কিত সবাই।
এই আসনের বর্তমান সাংসদ জাতীয় পার্টির জি এম কাদের মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দিলেও নির্বাচন কমিশন জানিয়েছে, তাঁর প্রার্থিতা বহাল রয়েছে। তবে নির্বাচনী প্রচারণা চালাতে তিনি এক দিনও এলাকায় আসেননি। শহরে নেই তাঁর কোনো পোস্টার। জাতীয় পার্টির নেতা-কর্মীরাও মাঠে নেই। এখানে প্রার্থী হয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) জেলা সাধারণ সম্পাদক খোরশেদ আলম। তাঁর সঙ্গে প্রচারণা চালাতে গিয়ে মোগলহাটের জিরানপুরে হামলার শিকার হন তাঁর কর্মীরা। দুটি মোটরসাইকেল জ্বালিয়ে দেওয়া হয়।
জামায়াত-শিবিরের সাম্প্রতিক সহিংসতার কারণে শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে শঙ্কা আছে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রামে) আসনেও। পাটগ্রামের বাউরায় সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের একটি নির্বাচনী জনসভা শুরুর আগেই সেখানে হামলা চালিয়ে অর্ধশত মোটরসাইকেল জ্বালিয়ে দেয় জামায়াত-শিবির। এ ছাড়া বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের প্রার্থীর পোস্টারও ছিঁড়ে ফেলা হয়েছে।
এরশাদ এই আসনে মনোনয়নপত্র দাখিল করলেও পরে প্রত্যাহারের ঘোষণা দেন। নির্বাচন কমিশন বলছে, এখনো এরশাদ প্রার্থী। তবে তাঁর পক্ষে কোনো প্রচারণা নেই। অপর প্রার্থী জাসদের ছাদেকুল ইসলাম।
স্থানীয় আওয়ামী লীগের নেতারা জানান, সদর উপজেলা আওয়ামী লীগে রয়েছে কোন্দল। লালমনিরহাট-৩ আসনে দলীয় প্রার্থী আবু সাঈদের পক্ষে নেমেছেন গোকুণ্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ তাঁর পক্ষের লোকজন। কিন্তু হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম এবং তাঁর পক্ষের লোকজনকে দেখা যাচ্ছে না।
সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নে বিএনপির নেতা ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিবের বাড়ি। এখানে বিএনপি অনেক শক্তিশালী। অবরোধে পুলিশও এই এলাকায় অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছে। নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে গত রোববার এখানে হামলার শিকার হন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি পনির উদ্দিন আহমেদ। সদর হাসপাতালে চিকিৎসাধীন পনির বলেন, ‘বিএনপি ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগ করার অপরাধে প্রকাশ্যে আমার ডান কান কেটে দেওয়া হয়। আর এবার দলীয় প্রার্থীর পক্ষে নৌকায় ভোট চাওয়ায় আমাকে পেটানো হয়।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মতিয়ার রহমান বলেন, মহেন্দ্রনগর, বড়বাড়ী, পঞ্চগ্রাম ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়নে আমাদের নেতা-কর্মী-সমর্থকদের ওপর বিএনপি ও জামায়াত-শিবিরের কর্মীরা হামলা চালাচ্ছেন।