আমের উৎপাদন বেড়েছে আড়াই লাখ মেট্রিক টন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী অঞ্চলের চার জেলায় আমের বাগানগুলো ছেয়ে গেছে মুকুলে। চাষিরা ব্যস্ত বাগান পরিচর্যায়। আমচাষিরা আশা করছেন, অন্য বছরের তুলনায় এবার আরও ভালো ফলন পাবেন। পাঁচ বছর ধরে এই অঞ্চলে আমের উৎপাদন ক্রমেই বেড়েছে। ইতিমধ্যে তা আড়াই লাখ মেট্রিক টন ছাড়িয়ে গেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহী বিভাগের চার জেলায় মূলত বড় ধরনের আবাদ হয়। জেলাগুলো হলো রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ। ২০১১-১২ অর্থবছরে এই চার জেলায় ৪০ হাজার ৪২০ হেক্টর জমিতে আমের আবাদ করা হয়। ফলন হয় ৩ লাখ ৮৬ হাজার ৯১২ মেট্রিক টন। ২০১২-১৩ অর্থ বছরে চাষাবাদ হয় ৪৮ হাজার ৬১০ হেক্টর জমিতে। ফলন হয় ৬ লাখ ১ হাজার ১৩৪ মেট্রিক টন। ২০১৩-১৪ অর্থবছরে ৫৩ হাজার ৭৯৯ হেক্টর জমিতে আবাদ করে উৎপাদন হয় ৫ লাখ ৮৬ হাজার মেট্রিক টন। ২০১৪-১৫ অর্থবছরে আবাদ হয় ৫৫ হাজার ৬৫৮ হেক্টর জমিতে। আম উৎপাদিত হয় ৬ লাখ ২ হাজার ৬৮০ মেট্রিক টন। সর্বশেষ ২০১৫-১৬ অর্থবছরে আমের উৎপাদন ছিল ৬ লাখ ৩৮ হাজার ৮৮৮ মেট্রিক টন। আবাদ হয় ৫৮ হাজার ৯২৪ হেক্টর জমিতে।
স্থানীয় কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, প্রতিবছরের তুলনায় এ বছর আমের মুকুল এসেছে অনেক বেশি। প্রায় প্রতিটি গাছই মুকুলে ছেয়ে গেছে। আবহাওয়ার বিরূপ কোনো প্রভাব না পড়লে গত বছরের তুলনায় এ বছর আরও বেশি ফলন হবে। এই বিপুল ফলনের পর আম উৎপাদনকারী প্রান্তিক কৃষকদের লাভবান করতে আম সংরক্ষণ, প্রক্রিয়াজাত করে পণ্য উৎপাদন এবং বিদেশে রপ্তানির ওপর গুরুত্ব দিতে বলছেন গবেষকেরা।
সরেজমিনে দেখা গেছে, রাজশাহী অঞ্চলের প্রতিটি এলাকায় এখন শুধুই আমের মুকুলের ম-ম গন্ধ। প্রায় সব গাছেই মুকুল ধরেছে। বিভিন্ন উপজেলায় মুকুলসহ বাগান পরিচর্যায় এখন ব্যস্ত সময় পার করছেন কৃষক ও ব্যবসায়ীরা।
জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী জেলার উপপরিচালক দেব দুলাল ঢালী প্রথম আলোকে বলেন, প্রতিবছরই আমের আবাদের পরিমাণ বাড়ছে। নতুন নতুন আমবাগান তৈরি হচ্ছে। পুরোনো আমবাগানের তুলনায় নতুন বাগানগুলোতে ভালো পরিচর্যা করা হচ্ছে। তাই ভালো ফলন পাওয়া যাচ্ছে।
কৃষি কর্মকর্তারা বলছেন, এই অঞ্চলের আমের মধ্যে ফজলি, ক্ষীরশাপাতি, গোপালভোগ ও ল্যাংড়া প্রায় সবারই পরিচিত। এ ছাড়া রানীপছন্দ, জামাইখুশি, বৃন্দাবন, লকনা, বোম্বাই ক্ষীরশা, দাউদভোগ, সেনরি, আম্রপালি, আশ্বিনা, ক্ষুদি ক্ষীরশা, বৃন্দাবনী, কালীভোগসহ প্রায় দেড় শ জাতের আম রয়েছে। এর মধ্যে লক্ষ্মণভোগ আমের ফলন সবচেয়ে বেশি। এরপরেই রয়েছে আশ্বিনার স্থান।
রাজশাহীর পবা উপজেলার দামকুড়া ইউনিয়নের কয়েকজন কৃষক বলেন, অন্য বছরের তুলনায় এবার আমের মুকুল অনেক বেশি হয়েছে। তাঁরা ভালো ফলনের আশা করছেন।
রাজশাহীর ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আলীম উদ্দীন বলেন, আগের তুলনায় বাগান ব্যবস্থাপনা অনেক উন্নত হয়েছে। এখন সবাই বাগানের গাছের যত্ন নিচ্ছেন। ফলে প্রতিবছরই আমের উৎপাদন বাড়ছে। গাছের সঠিক পরিচর্যা সম্পর্কে কৃষকদের সচেতন করলে আরও ভালো ফলন পাওয়া সম্ভব।
আম সংরক্ষণ ও বাজারজাত করা নিয়ে কাজ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষক মো. মনজুর হোসেন। তিনি বলেন, ‘আমের উৎপাদন বাড়লে চাহিদা কমে গিয়ে অনেক সময় কৃষক ভালো দাম পান না। এ জন্য তিনটি বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের নজর দিতে হবে। আম থেকে বিভিন্ন ধরনের পণ্য তৈরির দিকে ঝুঁকতে হবে; যা বড় বড় কোম্পানি এবং কৃষকেরা সমবায় ভিত্তিতেও করতে পারেন। দ্বিতীয়ত, আম সংরক্ষণের ব্যবস্থা করে আমের মৌসুমকে বর্ধিত করতে হবে। ফলে কৃষকেরা তাঁদের সুবিধামতো আম বিক্রি করতে পারবেন। তৃতীয়ত, বিদেশে আম রপ্তানি আরও সহজ করতে হবে; যার জন্য সঠিক প্রক্রিয়ায় কীটনাশক ছাড়া আম উৎপাদন করা প্রয়োজন।