আমের দাম গেছে কমে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল-ধর্মঘটের অনিশ্চয়তা আর ফরমালিন নিয়ে ব্যাপক প্রচারণার কারণে রাজশাহীতে আম নিয়ে ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। এ অবস্থায় আমের চাহিদা কমে যাওয়ায় দামও কমে গেছে। অন্যদিকে ৪০ কেজির মণ ধরা হচ্ছে ৫০ কেজিতে। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, হরতাল, অবরোধ ও ধর্মঘটের অনিশ্চয়তার কারণে ঢাকার কম ব্যবসায়ী এবার রাজশাহীতে এসেছেন। আমে ফরমালিন প্রয়োগের ব্যাপারেও ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। তাই মানুষ আম কেনার ব্যাপারে সতর্কতা অবলম্বন করছেন। এ কারণে আমের চাহিদা কম। সেই সঙ্গে সরবরাহও বেশি। এ জন্য এবার রাজশাহীর আমের বাজারে এ অবস্থার সৃষ্টি হয়েছে। রাজশাহীর আমের সবচেয়ে বড় বাজার বসে পুঠিয়ার বানেশ্বরে। এখানে রাজশাহী ছাড়াও চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীরাও আম নিয়ে আসেন।
গতকাল শুক্রবার বানেশ্বর বাজারে রাজশাহী নগরের কাপাশিয়া এলাকার ব্যবসায়ী আশের আলী বলেন, গত বছরের এই সময়ে তাঁরা এক মণ ফজলি আম দুই হাজার ২০০ থেকে দুই হাজার ৪০০ টাকায় বিক্রি করেছেন। অথচ কয়েক দিন আগেও এখানে ৮০০-৯০০ টাকায় এক মণ ফজলি আম বিক্রি করেছেন।
বর্তমানে ভালো মানের ফজলি আম দেড় হাজার থেকে এক হাজার ৬০০ টাকায় বিক্রি হচ্ছে। কিন্তু আড়তদারের কাছে বিক্রি করার সময় ৪৬ কেজিতে এক মণ ধরা হচ্ছে। আমার ঝুড়ির ওজন তিন কেজির বেশি না হলেও ধরা হচ্ছে পাঁচ কেজি। এর পরও ঝুড়িপ্রতি কয়েকটি করে আম বেশি নেওয়া হচ্ছে। সব মিলিয়ে মণে প্রায় ১০ কেজি করে আম বেশি দিতে হচ্ছে। এতে ব্যবসায়ীরা এবার অসহায় হয়ে পড়েছেন।
আশের আলী আরও বলেন, তাঁর ২৩০টি গাছ কেনা ছিল। খরচ হয়েছে প্রায় দুই লাখ টাকা। এসব গাছের আম প্রায় তিন লাখ টাকায় বিক্রি হওয়ার কথা। কিন্তু এ অবস্থার কারণে তাঁকে ৫০ হাজার টাকা লোকসানে সেই আম বিক্রি করতে হয়েছে। তিনি বলেন, হরতাল-ধর্মঘটে তাঁরা একেবারে শেষ হয়ে গেলেন।