আমের দাম পেল চাষি পিছু নিল মাছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌসুমের শেষের দিকে এসে আমের দাম পেয়েছেন চাষিরা। কিন্তু এখন আমের পিছু নিয়েছে মাছি পোকা। ইতিমধ্যে ফজলি ও আশ্বিনা—এই দুই জাতের আমে ব্যাপকভাবে মাছি পোকার আক্রমণ দেখা দিয়েছে। এতে প্রায় অর্ধেক আম নষ্ট হয়ে যাচ্ছে।

আমে রাসায়নিক দ্রব্য ব্যবহারের নেতিবাচক প্রচারের ব্যাপক প্রভাব পড়েছে আমের বাজারে। এ অবস্থা দেখে রাজশাহী জেলা প্রশাসন চাষিদের নিয়ে গত ১৬ মে সমাবেশ করে। পরে গত মাসে বাজারের আম পরীক্ষা করে রাসায়নিকমুক্ত আমের সনদ দেওয়া হয়। এই পরীক্ষাতে দেখা যায়, মাঠপর্যায়ে কোথাও রাসায়নিকের উপস্থিতি পাওয়া যায়নি। এরপর মৌসুমের শেষের দিকে আমের বাজার উঠতে শুরু করে।

এখন বাজারে লকনা, ফজলি ও আশ্বিনা আম পাওয়া যাচ্ছে। এর মধ্যে লকনা আম মৌসুমের শুরুতে ৬০০ টাকা মণ দরে চাষিরা বিক্রি করেছেন। সেই আম এখন ১ হাজার ২০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। ফজলি আম ১ হাজার ২০০ টাকা থেকে ১ হাজার ৬০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। কিন্তু ফজলি আমে ব্যাপক পরিমাণ মাছি পোকার আক্রমণ দেখা দিয়েছে। এতে আম ফেটে পচে যাচ্ছে। বাগানের তলায় অনেক আম পড়ে থাকছে।

বাঘা কুশাবাড়ি গ্রামের আমচাষি আবদুল হান্নান বলেন, এবার তাঁর ৩০০ মণ ফজলি আম হয়েছে। এর অর্ধেকেরও বেশি মাছি পোকার আক্রমণে নষ্ট হয়েছে। এখন তাঁর ১০০ মণ আশ্বিনা আমও একইভাবে মাছি পোকার আক্রমণে নষ্ট হয়ে যাচ্ছে।

চারঘাট উপজেলার বনকিশোর গ্রামের আম ব্যবসায়ী ইসহাক আলী জানান, মৌসুমের শেষের দিকে তাঁরা আমের দাম পেয়েছেন। লকনা আমের দাম উঠেছে। ফজলি আমও ভালো দামে উঠছে, কিন্তু  ব্যবসায়ীরা যে লাভের আশা করেছিলেন মাছি পোকার কারণে তা-ও শেষ হয়ে যাচ্ছে। তাঁর প্রায় ২০০ মণ ফজলি ও ২৫০ মণ আশ্বিনা আম হয়েছে। এর মধ্যে ফজলির প্রায় অর্ধেকই মাছি পোকার আক্রমণে নষ্ট হয়ে গেছে। আশ্বিনা আমের একই অবস্থা হয়েছে।

রাজশাহী ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলীম উদ্দীন বলেন, মৌসুমের শেষের দিকে আমে মাছি পোকার আক্রমণ হয়ে থাকে। এবার বৃষ্টি হওয়ার কারণে এই পোকার উপদ্রব বেড়ে গেছে। প্রতিকার হিসেবে আমগাছে এপ্রিল মাস থেকে সেক্সফেরোমন ফাঁদ পেতে রাখতে হয়। এ ছাড়াও মাটির পাত্রে পাকা আমের সঙ্গে সেভিন পাউডার মিশিয়ে বিষটোপ তৈরি করা যায়। এই বিষটোপ গাছের ১০ মিটার দূরে দূরে রাখলে স্ত্রী পোকা মারা যায়।

ফল গবেষণা কেন্দ্র সূত্রে জানা গেছে, রাজশাহী জেলায় এবার ১৬ হাজার ৫১৯ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। ফলনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৭ হাজার ৫৩১ মেট্রিক টন আম। এই আমের মধ্যে ১০ থেকে ১৫ ভাগ ফজলি এবং প্রায় পাঁচ ভাগ আশ্বিনা।