আমের নাম বউ ভোলািন

এই আমে কেউ কখনো বউ ভুলিয়ে ছিলেন কি না, কিংবা বউ ভুলেছিলেন বলে জানা নেই বিজ্ঞানীদের৷ তবে আমপ্রেমীদের কাছে নামটি বড়ই মিষ্টি। তবে অনেকেই এ আমটির নাম ভুলতে বসেছে।
চাঁপাইনবাবগঞ্জ আম গবেষণাকেন্দ্রের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা শরফ উদ্দীনের মতে, শুধু নামেই নয়, বউ ভোলানির গুণও আছে অনেক৷ নানান সুস্বাদু জাতের প্রসার ঘটিয়ে বৈচিত্র্য ধরে রাখা ও বিলুপ্তপ্রায় ভালো জাতগুলো টিকিয়ে রাখার উদ্দেশ্যেই আম গবেষণাকেন্দ্র বউ ভোলানি নামের আমটি নির্বাচন করে। জাতীয় বীজ বোর্ডের প্রত্যয়ন পেয়ে জাতেও উঠেছে। বারি আম-৬ নামে মুক্তায়িতও হয়েছে ২০০৯ সালে। তবে জাতে উঠলেও খুব বেশি প্রসার ঘটেনি।
শরফ উদ্দীন জানান, এই আমের খোসা খুবই পাতলা। আঁটিও ছোট ও পাতলা। মোট ওজনের ৭২ শতাংশই ভক্ষণযোগ্য। এর গড় ওজন ২৮০ গ্রাম। মিষ্টতা (টিএসএস) ২১ শতাংশ। রং হলুদাভ সবুজ। প্রতিবছর ফলন দেয়।