আমের ফাঁস থেকে মুক্তি পাচ্ছেন কৃষক
ক্রেতার অভাবে রাজশাহীর প্রধান অর্থকরী ফসল আম নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা। একই অবস্থা আমের জন্য বিখ্যাত আরেক জেলা চাঁপাইনবাবগঞ্জের চাষিদেরও। তাঁরা বলছেন, গেল বছর আমে রাসায়নিক দ্রব্য ব্যবহার নিয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর কারণে বাজারে চাহিদা কমে যাওয়াতেই তাঁদের এ অবস্থার সৃষ্টি হয়েছে। আমের এই ফাঁস থেকে কৃষককে রক্ষা করতে রাজশাহীতে আম পরীক্ষা করে রাসায়নিকমুক্ত হিসেবে সনদ দেওয়া শুরু করেছে প্রশাসন।
গত বছর আমের আগাম বাজার ধরার জন্য কিছু অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে আমে কার্বাইড ব্যবহারের অভিযোগ ওঠে। আবার মৌসুম শেষের দিকে পচন রোধে ফরমালিন ব্যবহারেরও ওঠে অভিযোগ। এর ফলে পরীক্ষা করে বিপুল পরিমাণ আম ধ্বংস করা হয়।
এ অবস্থায় এবার মৌসুমের শুরু থেকে রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা শুরু করা হয়। গত ১৬ মে চারঘাটে জেলা প্রশাসনের উদ্যোগে চাষিদের নিয়ে বৈঠক করে ঘোষণা দেওয়া হয়, গাছে আম না পাকা পর্যন্ত কেউ পাড়তে পারবে না। রাসায়নিক ব্যবহার করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ২৭ মে চারঘাটের চাষিরা আমে রাসায়নিক ব্যবহার না করার শপথ নেন। আগাম বাজার ছেড়ে দিয়ে এবার প্রায় ২০ দিন অপেক্ষা করেন। তারপরও বড় ক্রেতারা আগের মতো আসছেন না। ৫ জুনের পর থেকে চাষিরা আম পাড়া শুরু করেছেন; স্থানীয় বাজারে নিয়ে আসছেন। কিন্তু বাজারের মন্দাভাব কাটছে না।
বাজারের চাহিদা কমে যাওয়ায় বড় ক্রেতা না আসার ওই কারণটি ছাড়াও চাষিদের দিশেহারা হওয়ার আরেকটি কারণও জানা যায় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে। চারঘাট উপজেলার বনকিশোর গ্রামের আম ব্যবসায়ী টিপু সুলতান জানান, প্রতিবছর ২০ থেকে ৩০ লাখ টাকার আম কেনেন তিনি। এবার প্রায় ২০ দিন দেরিতে আম পাড়া শুরু হয়েছে। এতে সব আম একসঙ্গে পাকা শুরু হয়েছে। ক্রেতার অভাবে এগুলো এখন পচে যাওয়ার আশঙ্কা করছেন চাষিরা।
এই ব্যবসায়ী বলেন, ‘আম সম্পর্কে যে নেতিবাচক প্রচার হয়েছে, এখন তার চেয়ে বেশি ইতিবাচক প্রচার না হলে চাষি ও ব্যবসায়ী উভয়েই মারা পড়বেন।’
রাজশাহীর বাজার থেকে নিয়মিত আম কেনেন চট্টগ্রামের আম ব্যবসায়ী জসীম সওদাগর। এবার তিনি আসেননি। বলেন, গত বছর ফলে ফরমালিন ব্যবহারের প্রচারটা এত বেশি হয়েছে যে মানুষের মধ্যে ফলের প্রতি এক ধরনের ভীতি তৈরি হয়েছে। তাই বাজারেও চাহিদাও কম।
পুঠিয়ার বানেশ্বর বাজার রাজশাহীর সবচেয়ে বড় আমের বাজার। এ বাজারে গত শুক্রবার ক্ষীরশাপাতি আম সর্বোচ্চ ১ হাজার ৩৫০ টাকা মণ দরে বিক্রি হয়। অথচ গত বছর এ দাম ছিল প্রায় দ্বিগুণ।
রাজশাহীর আমচাষিদের দুশ্চিন্তা দূর করার চেষ্টায় তাঁদের নিয়ে গতকাল সচেতনতামূলক একটি বৈঠক করেছে জেলা প্রশাসন। এ ছাড়া গতকাল মঙ্গলবার বিকেলে বানেশ্বর বাজারে আম পরীক্ষার মাধ্যমে রাসায়নিকমুক্ত আমের সনদ দেওয়া শুরু করেছে প্রশাসন। এ সময় জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।
এই সনদ দেওয়ার আগে ব্যবসায়ীদের সঙ্গে ওই সচেতনতামূলক বৈঠক করেন জেলা প্রশাসক। কাল বৃহস্পতিবার বাঘা উপজেলার মনিগ্রাম বাজারেও পরীক্ষার পর এ রকম সনদ দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাহী হাকিম শিমুল আক্তার। পর্যায়ক্রমে বিভিন্ন বাজারে দেওয়া হবে এ সনদ।
রাজশাহী ফল গবেষণাকেন্দ্র সূত্রে জানা গেছে, এবার এ জেলায় ১৬ হাজার ৫১৯ হেক্টর জমিতে আম চাষ হয়েছে। লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৭ হাজার ৫৩১ টন। প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আলীম উদ্দিন বলেন, প্রতি টন আম ৩০ হাজার টাকা দর হলে জেলায় ৭ হাজার ৭২৫ কোটি টাকার আম উৎপাদন হওয়ার কথা। এই আম উৎপাদন-বিপণনের সঙ্গে কয়েক হাজার মানুষ জড়িত। সব মিলিয়ে দুই-আড়াই মাসে রাজশাহীতে আম নিয়ে প্রায় ১০ হাজার কোটি টাকার কারবার হয়।
মন্দা কানসাটের আমবাজারেও: আমের ভরমৌসুম চললেও জমে ওঠেনি চাঁপাইনবাবগঞ্জে আমের সবচেয়ে বড় বাজার শিবগঞ্জ উপজেলার কানসাট আমবাজার। প্রত্যাশিত দর না পাওয়ায় হাসি নেই আমচাষি ও ব্যবসায়ীদের মুখে।
>মানুষের ভীতি কাটাতে রাজশাহীতে আম পরীক্ষা করে সনদ দিচ্ছে প্রশাসন
গতকাল সরেজমিনে দেখা যায়, কানসাটের মূল বাজারের মাঠে এক ডালিও আম নামেনি। চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ সড়কের দুই পাশে রিকশাভ্যানের ওপর ও পাটাতন দেওয়া সাইকেলে আমের ডালিতে বাজার বসেছে। বাজার বসেছে সড়কের ধোপ পুকুর এলাকাতেও। তবে বেচাকেনা হতে দেখা গেছে মাত্র ১৪-১৫টি আড়তে।
সড়কের পাশে মনিরুল ইসলামের আড়তে গিয়ে দেখা যায়, কানসাটের শিবনগর কাইঠাপাড়ার মো. বাবলু ক্ষীরশাপাতি আম বিক্রি করলেন ১ হাজার ২৩০ টাকা মণ দরে। শ্যামপুরের তাজেল হোসেন ও জেম আলী বিক্রি করলেন ১ হাজার ২২৫ টাকা দরে। তাঁরা জানান, এখানে লক্ষ্মণভোগ বা লখনা আম বিক্রি হয়েছে মাত্র ৮৫০ টাকা মণ দরে।
জেম আলী জানান, এক মণ আমে উৎপাদন, শ্রমিক খরচ, পরিবহন ব্যয়—এসব বাদ দিয়ে কেবল কীটনাশক স্প্রেসহ আনুষঙ্গিক খরচ পড়েছে ৫০০ টাকা। এত কম দামে আম বিক্রি করে চাষি ও ব্যবসায়ীদের অনেক ক্ষতি গুনতে হবে।
একক ফল ভান্ডারে গিয়ে কথা হয় আম ব্যবসায়ী মতিউর রহমানের সঙ্গে। তিনি আড়ত পরিচালনার পাশাপাশি আমবাগানের ফল কেনাবেচার সঙ্গেও জড়িত। তিনি জানালেন, চাঁপাইনবাবগঞ্জের আম এখনো তেমন বাইরে যাওয়া শুরু হয়নি। রাজশাহীর কিছু কিছু এলাকা, নওগাঁর পোরশা ও সাপাহার উপজেলা এবং সাতক্ষীরার আমই এখন ঢাকায় যাচ্ছে।
কানসাটের বাজারে জেলার বাইরের ব্যবসায়ী নেই বললেই চলে। জ্যৈষ্ঠ মাসের শেষ দিকে এই সময় কানসাটে আম ব্যবসার ভরা মৌসুম শুরু হয়। কিন্তু বাজারে যে পরিমাণ আম নামছে তা গত বছরের তুলনায় ১০ ভাগের এক ভাগও নয়।
কানসাট বাজার আম ব্যবসায়ী সমন্বয় কমিটির সভাপতি আবু তালেব ও সাধারণ সম্পাদক এমদাদুল হক জানান, জেলায় আমের সবচেয়ে বড় মোকাম কানসাট। এখানে অন্তত ৩০০ আড়তে আম কেনাবেচা হয়। এ সময় অধিকাংশ আড়ত চালু হওয়ার কথা। কিন্তু এবার তা হয়নি। জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ জুনের আগে বাজারে আম নামানোর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। তা ছাড়া বাজারমূল্য একেবারেই কম থাকায় বাজারে আম তেমন নামেনি।
ওই দুজন আরও জানান, এ সময়ে কানসাট থেকে এক থেকে দেড় শ আমবোঝাই ট্রাক বিভিন্ন জেলার উদ্দেশে ছেড়ে যায়। কিন্তু এবার ১৫-২০টি ট্রাকের বেশি যাচ্ছে না। এ অবস্থায় আম ব্যবসায়ীরা দারুণ হতাশার মধ্যে রয়েছেন। গত বছর আমে ফরমালিন মেশানোর প্রচার ও এর পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকাগামী চাঁপাইনবাবগঞ্জের আম ধ্বংসের কারণে ব্যবসায়ীরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবার নিয়ে পরপর দুবার ক্ষতিগ্রস্ত হলে জেলার অর্থনীতিতেই এর বিরূপ প্রতিক্রিয়া পড়বে।
জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জে কয়েক লাখ মানুষ আম ব্যবসার ওপর নির্ভরশীল। এক মৌসুমে আম ব্যবসায় লেনদেন হয় কয়েক হাজার কোটি টাকা। এ লেনদেনের মাধ্যমেই সচল থাকে জেলার অর্থনীতি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক সাইফুল ইসলাম জানান, এবার আবহাওয়া অনুকূল থাকায় আমের ভালো ফলন হয়েছে। আড়াই লাখ মেট্রিক টন আম উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে।