আমের রাজ্যে বালাইনাশকের বাণিজ্য!
আমের জন্য বিখ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলার চাষি ও ব্যবসায়ীরা ভালো ফলনের আশায় এবং আম দাগমুক্ত রাখতে মাত্রাতিরিক্ত বালাইনাশক ও হরমোনজাতীয় তরল রাসায়নিক ছিটাচ্ছেন। বালাইনাশকের পেছনে চাষি ও ব্যবসায়ীদের বছরে ৩৫ কোটি টাকা খরচ হচ্ছে বলে বালাইনাশক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের লোকজন ও পরিবেশকেরা জানিয়েছেন। কৃষি কর্মকর্তাদের মতে, বালাইনাশকের পেছনে চাষিদের ব্যয় ৩০ কোটি টাকা হতে পারে। জেলায় মৌসুমে হাজার কোটি টাকার আমের ব্যবসা আছে।বালাইনাশক প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো প্রতি বছরের নভেম্বরে পরিবেশকদের কাছে বাকিতে এসব কীটনাশক, ছত্রাকনাশক ও হরমোনজাতীয় তরল রাসায়নিক বিক্রি করেন। পরিবেশকেরাও আমচাষি ও ব্যবসায়ীদের কাছে বাকিতে বিক্রি করেন। জুনের শেষ নাগাদ বকেয়া আদায় শুরু হয়। বকেয়া তুলতে পরিবেশক ও বড় দোকানদারেরা জুনের শেষ দিকে হালখাতার আয়োজন করেন।আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণাকেন্দ্রের (আম গবেষণাকেন্দ্র) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, সাধারণত আমে তিন থেকে পাঁচবার রাসায়নিক ছিটালেই চলে। কিন্তু বেশি লাভের আশায় ১৫-২০ বারেরও বেশি রাসায়নিক ছিটানো হয়। তিনি আরও জানান, বালাইনাশকের প্রভাবে মানবদেহের কিডনি, পাকস্থলী ও শ্বাসতন্ত্রে নানা সমস্যা হতে পারে।কৃষি বিভাগের দেওয়া তথ্যমতে, জেলার ১৭ লাখ ৬৪ হাজার আমগাছের মধ্যে ৯ লাখ ৬৪ হাজার ৩১০টি গাছ রয়েছে চাঁপাইনবাবগঞ্জের বড় উপজেলা শিবগঞ্জে। পুরো উপজেলাই আমগাছের ছায়ায় ঘেরা। এ উপজেলার শ্যামপুর ইউনিয়নের একটি ছোট বাজার হচ্ছে শ্যামপুর চামা বাজার। এই বাজারেই রয়েছে ৩০টি বালাইনাশকের দোকান। বিক্রির দিক থেকে দ্বিতীয় স্তরের একটি দোকান হচ্ছে উল্লাস ট্রেডার্স।উল্লাস ট্রেডার্সের মালিক আবদুল বাশির জানান, এ মৌসুমে তাঁর ৬০ লাখ টাকা বাকি পড়েছে। জুনের শেষ সপ্তাহের মধ্যে বালাইনাশক প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে টাকা পরিশোধ করতে হবে। কিন্তু বকেয়া মাত্র ১৫ লাখ টাকা আদায় করতে পেরেছেন। আম শেষ না হওয়া পর্যন্ত বাকি টাকা আদায় করা সম্ভব হবে না।শিবগঞ্জের দুর্লভপুর ইউনিয়নের কালুপুর গ্রামের আনোয়ারুল ও আলাউদ্দীন মিলে ২০টি বড় আমগাছ এক মৌসুমের জন্য কিনেছেন। তাঁরা জানান, এ পর্যন্ত কীটনাশক ও ছত্রাকনাশকসহ হরমোন ছিটাতে গিয়ে তাঁদের ৫০ হাজার টাকা খরচ হয়েছে। তাঁরা ছত্রাকনাশক হিসেবে নইন, ম্যাগ সালফা, এন্টাকল ব্যবহার করেছেন।পূর্ব শ্যামপুরের আজাহার আলী বলেন, বড় একটি গাছে এক থেকে তিন হাজার টাকার কীটনাশক ছিটাতে হয়। ৩০-৪০ মণ আম পাওয়া যায় এমন গাছে খরচ হয় তিন-চার হাজার টাকা। তিনি জানান, ঘন ঘন বৃষ্টি হলে ছত্রাকের আক্রমণে আমের গায়ে কালো দাগ পড়ে। এগুলো দূর করার জন্য বারবার ছত্রাকনাশক ব্যবহার করতে হয়। আমের শরীর ফরসা না থাকলে ভালো দাম পাওয়া যায় না।শিবগঞ্জ উপজেলা বালাইনাশক পরিবেশক সমিতির সভাপতি ইউসুফ আলী বলেন, উপজেলায় ৪০-৫০টি বালাইনাশক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিপরীতে পাইকারি ও খুচরা মিলিয়ে ৬০০ জন পরিবেশক আছেন। উপজেলায় মৌসুমে ৩০-৩৫ কোটি টাকার কীটনাশক বিক্রি হয়। আর ভারত থেকে অবৈধভাবে আনা বালাইনাশকের হিসাব তাঁদের কাছে নেই বলে জানান তিনি।কীটনাশক প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, এখানে ব্যবসায় প্রতিযোগিতা বেশি। প্রতিষ্ঠান আছে ৪০-৫০টি। আর বছরে কীটনাশকের ব্যবসা আছে ৩০-৪০ কোটি টাকার।জেলা কৃষি কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় আমগাছ আছে প্রায় ১৭ লাখ। এর মধ্যে ফলবান গাছ ৮০ ভাগ। আম গাছে কীটনাশক ব্যবহারকারীদের মতে, ১০ লাখ গাছেও যদি ৩০০ টাকার (গাছপ্রতি) কীটনাশক ব্যবহার করা হয়, তবে এর পরিমাণ দাঁড়ায় ৩০ কোটি টাকা। কৃষি কর্মকর্তাদের ধারণা, জেলায় এর থেকেও বেশি কীটনাশকের বাণিজ্য হয়।শিবগঞ্জের আম আড়তদার সমিতির সভাপতি নজরুল ইসলাম বলেন, বছরে জেলায় হাজার কোটি টাকার আম বিক্রি হয়।চাঁপাইনবাবগঞ্জ হার্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, বাগানগুলোতে নির্দেশিত বালাইনাশক দেওয়া হয় না। দেওয়া হয় অতিরিক্ত হারে, এলোপাতাড়িভাবে। অতিরিক্ত কীটনাশক ও ছত্রাকনাশকের ব্যবহারের বিরূপ প্রভাব নিয়ে গবেষণা হওয়া দরকার বলে মনে করেন তিনি।