আমেরিকা এখন বলে বঙ্গবন্ধুকন্যার উন্নয়নের বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গিবাদের বিরুদ্ধে সারা দেশে মানুষের ঐক্য সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের বিজয়মেলা মাঠে এক জনসভায় এ কথা বলেন তিনি।
জঙ্গিবাদ, সন্ত্রাস ও সাম্প্রদায়িকতার প্রতিবাদে জেলা ১৪ দল এ জনসভার আয়োজন করে। সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম আরও বলেন, ‘একাত্তর সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা দেশ স্বাধীন করেছি। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আলোকিত করেছেন। আমেরিকা বাংলাদেশকে একসময় বলেছিল তলাবিহীন ঝুড়ি। আর এখন বলে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার উন্নয়নের বাংলাদেশ।’
মানিকগঞ্জ আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবদুস সালামের সঞ্চালনায় জনসভায় বক্তব্য দেন সাম্যবাদী দলের সভাপতি দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাংসদ ফজলে হোসেন বাদশা, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, তরীকত ফেডারেশনের মহাসচিব সাংসদ লায়ন এম এ আউয়াল, মানিকগঞ্জ-২ আসনের সাংসদ মমতাজ বেগম প্রমুখ।