আমেরিকান সপ্তাহ আজ থেকে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে আজ সোমবার থেকে শুরু হচ্ছে আমেরিকান সপ্তাহ-২০১২।এ উপলক্ষে সকালে জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) মাঠে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা ও সিটি মেয়র এম মন্জুর আলম যৌথভাবে তিন দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করবেন। আমেরিকান সপ্তাহ যুক্তরাষ্ট্রের দূতাবাসের বার্ষিক অনুষ্ঠান। দূতাবাস সূত্রে জানা গেছে, আমেরিকান সপ্তাহ উপলক্ষে আজ বিকেলে চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এর উদ্বোধন করবেন আমেরিকান সেন্টারের পরিচালক লরেন্স লাভলেস ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ।এ ছাড়া আজ থেকে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সিজেকেএস প্রাঙ্গণে থাকবে টেলিভিশনে প্রচারিত শিশুদের শিক্ষামূলক অনুষ্ঠান সিসিমপুরের বিভিন্ন আয়োজন। সিসিমপুরের জনপ্রিয় চরিত্রগুলোর সঙ্গে অভিনয়ে অংশ নেবেন রাষ্টদূত ড্যান ডব্লিউ মজিনা এবং ইউএসএআইডির ডেপুটি মিশন পরিচালক পল সাবাতিন। প্রতি শুক্রবার সকালে ও বুধবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে এবং দেশ টিভিতে প্রতি শুক্রবার সন্ধ্যায়, মঙ্গল ও বৃহস্পতিবার সকালে সিসিমপুর প্রচারিত হয়। ইউএসএআইডির সহযোগিতায় সিসিমপুর কার্যক্রম পরিচালনা করছে বংলাদেশ সরকারের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সিসেমি ওয়ার্কশপ।