আমেরিকার চেয়ে বাংলাদেশের মানুষের নিরাপত্তা বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকার (যুক্তরা​ষ্ট্র) চেয়ে বাংলাদেশের মানুষের নিরাপত্তা বেশি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি আজ শনিবার দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা ভবনের উদ্বোধন শেষে এক অনুষ্ঠানে এ কথা বলেন। এর আগে তিনি মনপুরা উপজেলায় ফায়ার সার্ভিসের কার্যালয় ভবন উদ্বোধন করেন।

দক্ষিণ আইচা থানা প্রাঙ্গণে সুধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা পাকিস্তান, ফিলিস্তিন বা আফগানিস্তান হতে চাই না। আমরা বাংলাদেশি। আমাদের দেশের মানুষ ধর্মভীরু। ধর্মান্ধ নয়। আমরা জঙ্গি নই, জঙ্গিদের পছন্দ করি না। আমেরিকার চেয়ে আমাদের দেশের মানুষের নিরাপত্তা বেশি। এ সুনাম ক্ষুণ্ন করার জন্য দেশি-বিদেশি চক্র উঠেপড়ে লেগেছে। সজাগ থাকতে হবে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, সক্ষমতা অর্জন করছে; তখনই দেশের অগ্রগতি বাধাগ্রস্ত করার দেশি-বিদেশি চক্রান্ত চলছে। ওই ষড়যন্ত্র দেশকে অকার্যকর করার জন্য বিদেশিদের হত্যা করে বলছে, আইএস করেছে।’

আসন্ন পৌরসভা নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পৌরসভা নির্বাচন কোনো একটি প্রতিষ্ঠান বা মন্ত্রণালয়ের নয়। এটি নির্বাচন কমিশনের বিষয়। নির্বাচন কমিশন পৌরসভা নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য র‍্যাব, পুলিশ, কোস্টগার্ড, বিজিবি, এমনকি সেনাবাহিনীও নামাতে পারে। তিনি বিএনপির নেতাদের প্রতি ইঙ্গিত করে বলেন, যারা বলছেন ভোটার নয় পুলিশ ভোট দেবে, তারা অযৌক্তিক বক্তব্য দিয়েছেন। ইতিপূর্বেও নিরপেক্ষ ভোট হয়েছে। ভবিষ্যতেও সুষ্ঠু নির্বাচন হবে। কোনো রকম সংঘাত হবে না। আগামীতে সুন্দর ভোট হবে।

ফেসবুক কবে খুলে দেওয়া হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দ্রুত ফেসবুক খোলার জন্য আমরা চিন্তা-ভাবনা করছি।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বন ও পরিবেশ উপমন্ত্রী আব্দুল্যাহ আল ইসলাম জ্যাকব, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক মোখলেসুর রহমান, বরিশাল বিভাগের উপ মহাপরিদর্শক হুমায়ুন কবীর, ভোলার জেলা প্রশাসক মো. সেলিম রেজা, ভোলার পুলিশ সুপার মনিরুজ্জামান প্রমুখ।