আম্পায়ারিংয়ে ক্ষোভ, আম্পায়ারদের কুশপুতুলে আগুন

বিশ্বকাপ ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ও ভারতের মধ্যকার খেলায় বাজে আম্পায়ারিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রিকেটপ্রেমীরা। তাঁরা গতকাল বৃহস্পতিবারের ওই ম্যাচের আম্পায়ার আলিম দার ও ইয়ান গোল্ডের কুশপুতুল পুড়িয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে তাঁরা দাবি জানিয়েছেন, এ বিষয়ে বোর্ড যেন আইসিসির কাছে আনুষ্ঠানিক অভিযোগ করে।
গতকাল খেলা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ক্রিকেটপ্রেমীরা এ ক্ষোভ জানান। তাঁরা আইসিসিবিরোধী স্লোগানও দেন।
তাৎক্ষণিক ক্ষোভ জানাতে আবেগে কেঁদে ফেলেন কেউ কেউ। একজন বলেন, ‘বাংলাদেশ ভারতের বিপক্ষে হারেনি, হেরেছে আম্পায়ারদের বিপক্ষে।’
বাংলাদেশ ক্রিকেট দলের যেকোনো খেলার সময় সারা গায়ে বাঘের প্রতিচ্ছবি এঁকে গ্যালারিতে উপস্থিত থাকেন শোয়েব আলী। তিনি ‘টাইগার শোয়েব’ নামেই বেশি পরিচিত। ভিসা-সংক্রান্ত জটিলতায় এবার অস্ট্রেলিয়ায় যেতে পারেননি। তবে টেলিভিশনে খেলা দেখেছেন ওই সাজেই। খেলা শেষে সেভাবেই আসেন টিএসসিতে। কান্নাজড়িত কণ্ঠে বললেন, বাংলাদেশ খুবই ভালো খেলছিল। কিন্তু আম্পায়ারের বাজে সিদ্ধান্তের কারণেই বাংলাদেশ হেরেছে। এটা আইসিসির ব্যবসায়িক পরিকল্পনার অংশ।
সেখানে থাকা গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘আইসিসি ইচ্ছে করেই এ দুজন আম্পায়ারকে দায়িত্ব দিয়েছে। একজনের টিমকে আমরা হারিয়েছি, আরেকজনের দলের সঙ্গে একাত্তর থেকে দ্বন্দ্ব।’