আম্বর শাহ মসজিদের সংস্কারে প্রথম আলোর আর্থিক সহযোগিতা

প্রায় সাড়ে ৩০০ বছরের পুরোনো আম্বর শাহ শাহি জামে মসজিদের সংস্কারকাজে এগিয়ে এসেছে প্রথম আলো। তিন গম্বুজবিশিষ্ট একতলা মসজিদ ভবনটি রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত। এ মসজিদের সংস্কারকাজের জন্য পাঁচ লাখ টাকা (চেক) দিয়েছে প্রথম আলো।
মঙ্গলবার কারওয়ান বাজারের প্রগতি ভবনে প্রথম আলো কার্যালয়ে মসজিদ পরিচালনা কর্তৃপক্ষের কাছে ওই টাকা তুলে দেওয়া হয়।
আম্বর শাহ শাহি মসজিদের প্রধান খতিব আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুরের হাতে পাঁচ লাখ টাকার চেক তুলে দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন আম্বর শাহ শাহি মসজিদের মোতোয়ালি কমিটির কোষাধ্যক্ষ মো. আবদুল মান্নান ও জামিয়া আম্বর শাহ আল ইসলামিয়া এতিমখানার সুপারভাইজার (তত্ত্বাবধায়ক) মাওলানা মো. নুরুল হক শেখ।
মাওলানা মো. নুরুল হক জানান, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী মূল কাঠামো অবিকৃত রেখে চুন-সুরকি দিয়ে আড়াই মাস ধরে আম্বর শাহ শাহি মসজিদের সংস্কার চলছে। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতা ও দানের টাকায় এ কাজ চলছে। পুরোনো মসজিদ ভবনটি প্রায় পাঁচ কাঠা জায়গার ওপর অবস্থিত। পুরোনো ভবনের পাশে সম্প্রসারিত মসজিদ ভবনে এখন নামাজ আদায় করা হচ্ছে।