আম্বানি ও দুই মন্ত্রীর বিরুদ্ধে মামলার নির্দেশ কেজরিওয়ালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন লোকপাল ও স্বরাজ বিল পাস করানো নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে তীব্র মতবিরোধের মধ্যেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল তাঁর কংগ্রেস বিরোধিতায় নতুন অস্ত্র প্রয়োগ করলেন। আজ মঙ্গলবার সংবাদ সম্মেলন করে তিনি শিল্পপতি মুকেশ আম্বানি, বর্তমান ও সাবেক কেন্দ্রীয় তেল ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী বীরাপ্পা মইলি ও মুরলি দেওরার বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন। তাঁদের বিরুদ্ধে চক্রান্তের মাধ্যমে কৃত্রিম অভাব সৃষ্টি করে গ্যাসের দাম বাড়ানোর অভিযোগ এনেছেন তিনি।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উদ্দেশে কেজরিওয়াল মামলার মীমাংসা পর্যন্ত গ্যাসের দাম না বাড়ানোর আহ্বান জানান।

পূর্ব উপকূলের ডি-৬ ব্লক থেকে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ গ্যাস উত্পাদন করে।  চলতি বছরের এপ্রিল থেকে ওই গ্যাসের দাম ইউনিটপ্রতি ৪.২ ডলার থেকে বেড়ে ৮.৮ ডলার হওয়ার কথা।

এদিকে কেজরিওয়ালের এই সিদ্ধান্তে রাজধানীর রাজনৈতিক ও শিল্পমহলে হইচই পড়ে গেছে।  ধারণা করা হচ্ছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং দুই সাবেক ও বর্তমান মন্ত্রীর বিরুদ্ধে মামলার মাধ্যমে কংগ্রেসের সমর্থনে টিকে থেকে কংগ্রেস সরকারের বিরুদ্ধে লড়াইয়ের আরও কয়েকটি ফ্রন্ট খুলে দেওয়ার পথ খুঁজছেন কেজরিওয়াল।

এর আগে জন লোকপাল ও স্বরাজ বিল নিয়ে অধিকারের প্রশ্ন তুলে  কেজরিওয়াল আগেই জানিয়েছিলেন, ওই দুই বিল পাস না হলে তিনি ইস্তফা দেবেন। তারপর গ্যাস নিয়ে সিদ্ধান্তে তিনি নতুন করে অন্য এক প্রশ্ন তুলে দিলেন । এর মূল কথা, অন্যায়ভাবে দেশের মানুষকে ঠকিয়ে বৃহৎ শিল্পগোষ্ঠীরা সরকারের সাহচর্যে দেশকে লুটছে।

মইলি ও দেওরা দুজনই কংগ্রেসের গুরুত্বপূর্ণ সদস্য। সরকারের সিদ্ধান্ত জানার পরপরই কংগ্রেসের মিডিয়া প্রবক্তা অজয় মাকেন জানিয়ে দেন, দল এই তদন্তের বিরুদ্ধে নয়। তবে তদন্ত যেন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত না হয়। তিনি আরও জানান, যেকোনো মন্ত্রীর বিরুদ্ধেই তদন্ত করা যেতে পারে। অপরাধী প্রতিপন্ন হলে সাজাও পেতে হবে। তবে বীরাপ্পা মইলি বলেছেন, ‘কোনো সিদ্ধান্তই বিশেষজ্ঞদের পরামর্শ ছাড়া নেওয়া হয়নি। কেজরিওয়াল আমাদের টাকা দিলে আমরা গ্যাসের দাম কমিয়ে দেব।’

এদিকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের সঙ্গে সরকারের চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি ১৭ বছর ধরে জাতীয় তাপবিদ্যুৎ কেন্দ্রকে (এনটিপিসি) বিদ্যুৎ উত্পাদনে সহায়তা করতে ইউনিটপ্রতি ২.৩ ডলারে গ্যাস সরবরাহ করবে। কিন্তু বর্তমানে ইউনিটপ্রতি দাম নির্ধারণ করা হয়েছে ৪.২ ডলার। আগামী ১ এপ্রিল থেকে তা বেড়ে হওয়ার কথা ৮.৮ ডলার।

বিষয়টি নিয়ে আপত্তি জানিয়ে কেজরিওয়াল বলেন, রিলায়েন্স দেশে কৃত্রিম অভাব সৃষ্টি করে সরকারের সহযোগিতায় দাম বাড়াচ্ছে। তাই দিল্লি সরকারের দুর্নীতি রোধ শাখাকে সাবেক পরিচালক জেনারেল (হাইড্রোকার্বন) ভি কে সিব্বালের বিরুদ্ধেও এফআইআর করতে বলা হয়েছে।

কেজরিওয়ালের সিদ্ধান্তকে দুই কমিউনিস্ট পার্টি সমর্থন করছে। সিপিআইয়ের গুরুদাস দাসগুপ্ত আগেই এই বিষয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। সিপিআই(এম) সাংসদ সীতারাম ইয়েচুরি বলেছেন, বিষয়টি আদালতের বিচারাধীন। তাঁরা অনেক দিন আগে থেকেই এই বিষয়ে সরব। যখনই এ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, সরকার আদালতের দোহাই দিয়েছে।