আয় কমিয়ে মন্ত্রী-সাংসদদের সুপারিশে ১৪৩ ঘাট ইজারা!
ইজারা নীতিমালার একটি বিশেষ বিধানের দোহাই দিয়ে মন্ত্রী-সাংসদদের সুপারিশে নিজেদের পছন্দের লোককে সারা দেশে এ বছর ৩৬২টি নৌঘাটের মধ্যে ১৪৩টিই ইজারা দেওয়া হচ্ছে। এর মধ্যে ঢাকা নদীবন্দরের ৩০টি ঘাট রয়েছে। এর ফলে সরকারের রাজস্ব আয় কমছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭-০৮ অর্থবছরে ঢাকা নদীবন্দরের ওয়াইজঘাট, সিমসনঘাট এবং কার্গোগেট ঘাটের জন্য সরাসরি দরপত্র আহ্বান করে ইজারা দেওয়া হয়েছিল। এর মূল্য ছিল তিন কোটি ২৮ লাখ টাকা। ছয় বছর পর একই ঘাটের ইজারা মূল্য ধরা হয়েছে তিন কোটি ১৫ হাজার টাকা। প্রচলিত নিয়ম অনুযায়ী একটি ঘাটে বছরে ১০ শতাংশ হারে দর বাড়লে ওই ইজারা মূল্য ৬০ শতাংশ বেশি হওয়ার কথা। তবে সরাসরি বা প্রতিযোগিতামূলক দরপত্রে ইজারা দিলে প্রকৃত মূল্য বোঝা যেত।
এ বিষয়ে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. শামছুদ্দোহা খন্দকার প্রথম আলোকে বলেন, সরাসরি দরপত্রে ইজারা দিলে অনেক দ্বন্দ্ব-কলহ, মামলা-মোকদ্দমা হয়। এগুলো এড়ানোর জন্য স্থানীয় সাংসদদের সুপারিশে বিশেষ ক্ষেত্রে ইজারা দেওয়া হচ্ছে। এতে রাজস্ব আয় কমে যাওয়ার সম্ভাবনা থাকলে নতুন নতুন ঘাট করে আয় বাড়ানো হবে।
তবে ইজারা নীতিমালার বিশেষ বিধানটি বর্তমান সরকারের করা নয় জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি প্রথম আলোকে বলেন, বিধানটি বিগত চারদলীয় জোট সরকারের সময়েও চালু ছিল। তাঁর দাবি, অনেকে সমালোচনা করতে পারে, এ জন্য এবার কোনো ঘাটের ইজারা দিতে সুপারিশ করেননি তিনি।
বিধানে যা রয়েছে: সরকারি বড় কাজের ক্ষেত্রে প্রচলিত নিয়ম হচ্ছে দরপত্র আহ্বান করে সর্বনিম্ন দরদাতাকে কার্যাদেশ দেওয়া। ঘাট ইজারার ক্ষেত্রেও ১৯৯২ সাল থেকে এ নিয়ম চালু ছিল। এর আগে ছিল প্রকাশ্য নিলাম পদ্ধতি। ২০০৫ সালে চারদলীয় জোট সরকারের আমলে দরপত্র ছাড়া ‘বিশেষ ক্ষেত্রে’ ইজারা দেওয়ার বিধান চালু হয়। এখানে একটি সুবিধামতো প্রাক্কলিত দর ঠিক করে তার সঙ্গে ৫ শতাংশ যোগ করা হয়।
সূত্রমতে, ইজারা নীতিমালায় বলা আছে, ‘জাতীয় স্বার্থে বা সেবামূলক সংগঠনের উন্নয়নের স্বার্থে’ বিশেষ বিবেচনায় এ বরাদ্দ দেওয়া যাবে। কিন্তু বেশির ভাগ মন্ত্রী বা সাংসদ ক্ষমতাসীন দলের সমর্থক হিসেবে পরিচিত সংগঠনগুলোর নেতা ও পছন্দের লোকদের জন্য সুপারিশ করে থাকেন।
সরকারি ও সুশীল সমাজের সদস্যদের সমন্বয়ে গঠিত নদীবিষয়ক টাস্কফোর্সের সদস্য ছিলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। বিধানটির বিষয়ে জানতে চাইলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের রাজনীতির যে সংস্কৃতি, সেখানে এমন বিধান অযৌক্তিক ও ক্ষতিকর। জাতীয় আয় কমে যায়, এমন বিধান না থাকাই ভালো।’
আয় কমে যাচ্ছে: বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, ১৪৩টি ঘাটের মধ্যে আর্থিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সদরঘাট, ওয়াইজঘাট, সিমসনঘাট এবং কার্গোগেট ঘাট, মাওয়ায় চর জানাজাত ঘাট, গাবতলী ল্যান্ডিং স্টেশন শুল্ক আদায় ও লেবার হ্যান্ডলিং ঘাট, মংলা ঘসিয়াখালী খাল-টোল স্টেশনঘাট ইত্যাদি।
২০১০ সালের জুলাইয়ে সদরঘাট, ওয়াইজঘাট, সিমসনঘাটসহ বেশ কিছু ঘাটের যাত্রীদের নিজস্ব মালামাল ওঠা-নামার (লেবার হ্যান্ডলিং) নিয়ন্ত্রণ ইজারাদারদের পরিবর্তে কুলিদের হাতে ছেড়ে দেওয়া হয়। এতে ইজারাদারদের আয় কমে যাবে—এ যুক্তি দেখিয়ে বিশেষ ক্ষেত্রে প্রাক্কলিত ব্যয় কমিয়ে দেওয়া হয়। কিন্তু বাস্তবে এসব ঘাটে ইজারাদারের শ্রমিকেরাই এখনো যাত্রীদের মালামাল বহন করছে অভিযোগ রয়েছে। তবে নৌমন্ত্রী ও বিআইডব্লিউটিএর চেয়ারম্যান বলেছেন, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মাওয়ায় চর জানাজাত ঘাট দিয়ে দক্ষিণাঞ্চলের ৮০ শতাংশ যাত্রী চলাচল করে। কোটি কোটি টাকার মালামালও ওঠা-নামা হয়। কিন্তু গত অর্থবছর ওই ঘাটের ইজারা মূল্য ধরা হয়েছিল মাত্র ৩০ লাখ টাকা। এবার প্রাক্কলিত ব্যয় ১০ লাখ টাকা বাড়িয়ে ৪০ লাখ করা হয়েছে। ঢাকা নদীবন্দরের একজন পদস্থ কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন, এ ব্যয় দ্বিগুণ হলেও তা কম হয়।
২০০৭-০৮ অর্থবছরে মংলা ঘসিয়াখালী খাল-টোল স্টেশন ইজারা দেওয়া হয় এক কোটি ৭৬ লাখ টাকায়। কিন্তু এবার প্রাক্কলিত ব্যয় মাত্র ৬০ লাখ টাকা। একই বছরে গাবতলী ল্যান্ডিং স্টেশন শুল্ক আদায় ও লেবার হ্যান্ডলিং (ক্যানটিনসহ) ঘাট ইজারা দেওয়া হয়েছিল এক কোটি ১০ লাখ টাকায়, এবার প্রাক্কলিত ব্যয় এক কোটি টাকা।
জানা যায়, যাঁরা ঘাটের ইজারা পান তাঁরা শুধু যাত্রী বা নৌযান থেকে টোল আদায় করেই দায়িত্ব শেষ করেন না। যেমন সদরঘাট, সিমসনঘাট ও ওয়াইজঘাটের ইজারাদারের লোকেরা যাত্রী এবং নৌযান ছাড়াও টার্মিনালে দোকানপাট, হকার, কুলি, এমনকি টার্মিনালের সামনের রাস্তায় যাত্রী নিয়ে আসা রিকশা, অটোরিকশা থেকেও চাঁদা আদায় করে। টার্মিনালে দোকানপাট থাকা সর্ম্পূণ নিষিদ্ধ হলেও ইজারাদারকে চাঁদা দিয়ে সেগুলো রাখা হয় বলেও অভিযোগ রয়েছে।
তার পরও দ্বন্দ্ব, মামলা: ২০১০ সাল থেকে স্থানীয় সাংসদের বিশেষ সুপারিশে সদরঘাট-কালীগঞ্জ, সিমসনঘাট-কালীগঞ্জ এবং ওয়াইজঘাট (নবাববাড়ী)-আগানগর ঘাটের ইজারা পেয়ে আসছেন ঢাকা নৌবন্দর ঘাটশ্রমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. আলমগীর হোসেন। তিনি এবারও আবেদন করেন। এসব ঘাটের জন্য ঢাকা নৌকা মাঝি বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. জাকির হোসেনও আবেদন করেন। ওয়াইজঘাট, সিমসনঘাট, কার্গোগেটের জন্য আরও আবেদন করেন সূত্রাপুর থানাঘাট শ্রমিক বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. কাজী হুমায়ুন কবির এবং সিমসনঘাট শ্রমিক বহুমুখী সমবায় সমিতির মো. আতাউর রহমান। তাঁদের সবার জন্যই সাংসদ মিজানুর রহমান সুপারিশ করেন বলে জানা গেছে।
কিন্তু সদরঘাটের ইজারা আলমগীর হোসেনকে দেওয়ার জন্য নৌমন্ত্রী বলেছেন বলে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান প্রথম আলোকে জানান। এ ঘটনায় ঢাকা নৌবন্দর ঘাট শ্রমিক বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবুল বাশার ইজারার বিরুদ্ধে নিম্ন আদালতে মামলা করেন। এতে ঘাটে ইজারার কার্যক্রম আপাতত স্থগিত হয়ে যায়।
সুপারিশ অনুযায়ী নিজেদের পছন্দের লোককে ইজারা দেওয়া হয়নি বলে অনেকেই প্রথম আলোর কাছে ক্ষোভও প্রকাশ করেছেন। ঢাকা-৫ আসনের সাংসদ হাবিবুর রহমান মোল্লা ডেমরা জনকল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি সালাউদ্দিন আহমেদের জন্য সুপারিশ করেছিলেন। সাংসদ বলেন, ‘আমার লোককে দেয়নি, দিয়েছে অন্যকে। সে জন্য আমার লোকেরা হাইকোর্টে রিট করেছে।’
আরও যেসব মন্ত্রী-সাংসদের সুপারিশ: বর্তমান সরকারের বিভিন্ন অর্থবছরে বিভিন্ন ঘাটের ইজারা পাইয়ে দিতে নিজেদের লোকের জন্য সুপারিশ করেছেন আওয়ামী লীগের মন্ত্রী, সাংসদ, নেতা এবং জাতীয় পার্টির নেতারা। তাঁরা সুপারিশ করেছেন নিজ এলাকার ঘাটের ইজারা প্রার্থীর জন্য। কেউ কেউ একাধিক ঘাট ও ইজারাপ্রার্থীর জন্যও সুপারিশ করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন মৎস্য ও পশুসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, ঢাকা-৩ আসনের সাংসদ নসরুল হামিদ, মুন্সিগঞ্জ-২-এর সাংসদ সাগুফতা ইয়াসমিন, পটুয়াখালীর সাংসদ গোলাম মওলা রনি, বরিশাল-৫ আসনের বিএনপির সাংসদ মো. মজিবর রহমান সরোয়ার, বরিশালের সাংসদ গোলাম কিবরিয়া, খুলনা-৫ আসনের সাংসদ নারায়ণ চন্দ্র চন্দ, নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ নাসিম ওসমান প্রমুখ। এ বিষয়ে যোগাযোগ করা হলে মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাংসদ মো. গোলাম মাওলা রনি, সাংসদ নসরুল হামিদ, সাংসদ নাসিম ওসমান সুপারিশের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তাঁরা বলছেন, কোনো উদ্দেশ্যে নয়, চলতি নিয়মেই তা করা হয়েছে।সুপারিশের তালিকায় নাম থাকলেও প্রথম আলোর কাছে তা অস্বীকার করেছেন সাংসদ মজিবর রহমান সরোয়ার।