
রাজস্ব আয় বেড়েছে। কিন্তু সেই তুলনায় সেবার মান না বাড়ায় ট্রেনের প্রতি আগ্রহ হারাচ্ছেন মানুষ। বিদায়ী অর্থবছরে যাত্রী ও মালামাল পরিবহন—উভয়ই কমেছে খুলনা রেলওয়ের।
কর্তৃপক্ষ বলছে, গত বছরের বিভিন্ন সময়ে রাজনৈতিক অস্থিতিশীলতায় খুলনায় দেশীয় পর্যটক কম আসায় যাত্রী কিছুটা কমেছে। তবে যাত্রীরা বলছেন, অতিরিক্ত ভাড়া, দেরিতে ট্রেন ছাড়া ও পৌঁছার পাশাপাশি সেবার মান নিম্নমুখী হওয়ায় ট্রেনের প্রতি আগ্রহ হারাচ্ছেন মানুষ।
খুলনা রেলওয়ে সূত্র জানায়, বিদায়ী ২০১৫-১৬ অর্থবছরে খুলনা থেকে বিভিন্ন রুটে ৭ লাখ ২৩৮ জন যাত্রী ভ্রমণ করেন। তাঁদের কাছ থেকে আয় হয়েছে ১৭ কোটি ৮০ লাখ ৫০ হাজার ৪৩৩ টাকা। এ ছাড়া পণ্য পরিবহন বাবদ আয় হয়েছে ৭৫ লাখ ১৪ হাজার ৪৩১ টাকা।
আর ২০১৪-১৫ অর্থবছরে খুলনা থেকে বিভিন্ন রুটে ট্রেনের যাত্রী ছিল ৭ লাখ ৫ হাজার ৯৯৫ জন। ওই বছর যাত্রীদের কাছ থেকে রেলওয়ের আয় ছিল ১৭ কোটি ৪৩ লাখ ৫৪ হাজার ৮৩৭ টাকা এবং পণ্য পরিবহন বাবদ ১ কোটি ৫ লাখ ১৬ হাজার ২৪৩ টাকা।
শতকরা ৭ দশমিক ২৩ টাকা হারে ভাড়া বৃদ্ধি এবং দূরের গন্তব্যের যাত্রী বেশি হওয়ায় ২০১৪–১৫ অর্থবছরের তুলনায় বিদায়ী অর্থবছরে খুলনা রেলওয়ে যাত্রী খাতে ৩৬ লাখ ৯৫ হাজার ৫৯৬ টাকা বেশি আয় করেছে। তবে যাত্রীর সংখা কমেেছ ৫ হাজার ৭৫৭ জন। পণ্য পরিবহনে আয় কমেছে ৩০ লাখ ১ হাজার ৮১২ টাকা। খুলনা থেকে গত বছর সরকারি সার, চাল ও গম পরিবহন কম হওয়ায় এই খাতে আয় কমেছে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সূত্রটি জানায়, খুলনা রেলস্টেশন থেকে প্রতিদিন ছয়টি আন্তনগর ট্রেনসহ মোট ১০টি ছেড়ে যায়। একইভাবে বিভিন্ন স্টেশন থেকে সমানসংখ্যক ট্রেন এই স্টেশনে আসে। আন্তনগর ট্রেন চিত্রা ও সুন্দরবন ঢাকার উদ্দেশে, রূপসা ও সীমান্ত সৈয়দপুরের উদ্দেশে, সাগরদাঁড়ি ও কপোতাক্ষ রাজশাহীর উদ্দেশে খুলনা স্টেশন ছেড়ে যায়। আর মহানন্দা চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে, রকেট পার্বতীপুরে, নকশিকাঁথা গোয়ালন্দ ও কমিউটার ট্রেন বেনাপোলের উদ্দেশে খুলনা স্টেশন ছাড়ে।
১৫ জুলাই খুলনা থেকে রাত ৭টা ৩০ মিনিটে সুন্দরবন এক্সপ্রেস ছাড়ার কথা ছিল। কিন্তু ঢাকার উদ্দেশে ট্রেনটি খুলনা ছাড়ে রাত ৯টা ১৫ মিনিটে। একই দিন সকাল সাড়ে আটটায় চিত্রা ট্রেনটি ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়ে ৯টা ৪০ মিনিটে। এ ছাড়া পার্বতীপুরের উদ্দেশে সীমান্ত ট্রেনটি ১ ঘণ্টা, রূপসা ট্রেন ৪৫ মিনিট ও রাজশাহীর উদ্দেশে কপোতাক্ষ এক্সপ্রেস ১০ মিনিট দেরিতে ছাড়ে। একইভাবে এদিন সীমান্ত ট্রেন ২ ঘণ্টা ১৫ মিনিট, চিত্রা ২ ঘণ্টা ৫৫ মিনিট, সাগরদাঁড়ি ৩০ মিনিট, সুন্দরবন ২ ঘণ্টা ৪০ মিনিট, রূপসা আড়াই ঘণ্টা ও কপোতাক্ষ ১ ঘণ্টা ৫ মিনিট দেরিতে খুলনায় পৌঁছায়। দেরিতে ট্রেন ছাড়া ও পৌঁছানোর এই চিত্র প্রায় প্রতিদিনের। মেইল ট্রেনের অবস্থা আরও করুণ।
রেলওয়ে সূত্র জানায়, চলতি মাসের প্রথম ১৫ দিনে ৮৬টি আন্তনগর ট্রেন খুলনা ছেড়ে যায়। এর মধ্যে দেরিতে ছেড়ে গেছে ৩২টি। আর খুলনায় উদ্দেশে আসা ৮৬টি ট্রেনের মধ্যে ৬৮টি দেরিতে পৌঁছায়। অর্থাৎ ৬৩ শতাংশ ট্রেন ঠিক সময়ে খুলনা ছেড়েছে এবং মাত্র ২১ শতাংশ ট্রেন সময়মতো খুলনায় পৌঁছেছে। আন্তনগর ট্রেনের সময়ানুবর্তিতার হার ৮০ শতাংশের নিচে নেমে এলেই সেবার মান কমেছে বলে ধরা হয়।
কপোতাক্ষ ট্রেনের অন্তত পাঁচজন যাত্রী বলেন, ট্রেনটির আসনগুলো ঠিকমতো পরিষ্কার না করায় বেশির ভাগ সময় ধুলাবালিতে ভরে থাকে। একই অবস্থা শৌচাগারেরও। নিয়মিত পরিষ্কার না করায় অনেকেই ব্যবহার করতে চান না। মাঝেমধ্যে শৌচাগারে পানি থাকে না। বুফে কারগুলোতে খাবারের মান ভালো না হলেও দাম চড়া।
সুন্দরবন ট্রেনের নিয়মিত যাত্রী পাপিয়া আক্তার বলেন, ট্রেনে খুলনা থেকে ঢাকায় পৌঁছাতে ১০ ঘণ্টা লাগার কথা থাকলেও মাঝেমধ্যে ১৪ ঘণ্টাও লাগে। আর ঢাকা থেকে ট্রেন দেরি করে ছাড়াটা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে।
সীমান্ত ট্রেনের যাত্রী আসাদুজ্জামান বলেন, খুলনা থেকে সৈয়দপুর যেতে ১০ থেকে ১৩ ঘণ্টা লাগে। এই দীর্ঘ পথের ট্রেনগুলোতে কোনো চেয়ার কোচ নেই। তা ছাড়া প্রথম শ্রেণির কামরাগুলো অনেক আগে বুকিং হয়ে যায়। পথে বিভিন্ন স্টেশনের সিগন্যাল না পাওয়ায় দীর্ঘ সময় ধরে এই রুটের ট্রেনগুলো থেমে থাকে। এতে দেরি হয় গন্তব্যে পৌঁছাতে। এসব বিষয়ে যোগাযোগ করলে খুলনা রেলওয়ে স্টেশনের মাস্টার কাজী আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সময়মতো ট্রেন ছাড়ার ক্ষেত্রে আগের চেয়ে পরিস্থিতি এখন অনেক ভালো। খাওয়ার গাড়িতে নিয়মিত পরিদর্শন করা হয়, কিন্তু এ ব্যাপারে যাত্রীদের তেমন অভিযোগ নেই।
স্টেশনমাস্টার আরও বলেন, খুলনা রেলওয়েতে লোকবল অনেক কম। বিভিন্ন সময়ে তিনি নিজেও একাধিক দায়িত্ব পালন করেন। লোকবল কম থাকায় যাত্রীদের সঠিক সেবা দেওয়ার ক্ষেত্রে কিছুটা অসুবিধা তৈরি হয়।