
এখন হেমন্তদিন। সবুজ ধানের খেতে তাই সোনালি রং আর রৌদ্র-ছায়ার লুকোচুরির খেলা। প্রকৃতির এই অপরূপ রূপের ভেতরে ঝাঁকে ঝাঁকে টিয়া পাখি বসছে আমন ধানে। কেউ বুঝি তাদের নবান্নের আমন্ত্রণলিপি পাঠিয়েছে। সবান্ধব আমন্ত্রণ।
চট্টগ্রামের রাউজানের চিকদাইর গ্রামের চিত্র এটি। এখানকার বাসিন্দাদের এখন ঘুম ভাঙে টিয়া পাখির কিচিরমিচির শব্দে।
গত সোমবার থেকে ঝাঁকে ঝাঁকে টিয়া এসে গ্রামের গাছপালায় আশ্রয় নিয়েছে। পাশেই লইগ্যা বিল। সেখান থেকে পাকা ধানের ম-ম গন্ধ ভেসে আসে। আর সুযোগ বুঝে এই বিলের ধানে হানা দেয় টিয়ার দল। কেউ বলছেন ৭০-৮০ হাজার, কারও মতে লক্ষাধিক। তবে এবার অন্য যেকোনো সময়ের চেয়ে টিয়া পাখি বেশি এসেছে বলে জানালেন গ্রামের যুবক ছিদ্দিক আকবর।
ছিদ্দিক আকবর বলেন, ‘প্রতিবছর আমন ধান তোলার মুহূর্তে টিয়া আসে আমাদের এখানে। তবে গত বছর আসেনি। গত বছর পাখি না আসার কারণ শিকার। গ্রামেরই রহিম নামে এক কিশোর ২০১২ সালে চারটি টিয়া পাখি ধরে ফেলে। এর পরদিন সেখান থেকে টিয়ার দল চলে যায়।’
খাদ্য অন্বেষণে টিয়ারা বেছে নেয় নিরুপদ্রব অঞ্চল। সাধারণত ঘন গাছপালা, যেমন—বড় বড় শিরীষ, নানা জাতের ফুল, আম, কড়ই ইত্যাদি গাছে তারা থাকতে পছন্দ করে। চিকদাইর গ্রামে এসবের অভাব নেই। তাই এটিকে অভয়াশ্রম বানিয়ে তুলেছে টিয়ারা। চিকদাইর বৈদ্যপাড়ার দুপাশেই বড় বড় দুটি বিল। নাম লইগ্যা বিল। বিলের আমন খেতে এখন সোনালি রং ধরেছে। কোনো কোনো ধান এখনই পেকে গেছে। আর তাতেই টিয়ার উপদ্রব। তাতে মন খারাপ করছেন কৃষকেরা।
কৃষক এজাহার মিয়া খালি টিনে লাঠি দিয়ে বাড়ি দিতে দিতে টিয়ার ঝাঁক তাড়াচ্ছেন। তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘যে জমিতে বসে, তা ১০ মিনিটে শেষ করে দেয়।’ তবে কৃষকের মন খারাপ হলেও ছোট্ট সোনামণিদের ভুলিয়ে-ভালিয়ে ভাত খাওয়াতে এখন কিষানিদের মুখে মুখে ঘুরছে, ‘আয়রে আয় টিয়ে, নায়ে ভরা দিয়ে...’।
খাবারের সন্ধানে আসা টিয়া পাখিগুলোর ঠোঁট লাল। গলা ও বুকের অংশ লালচে। গলার নিচে একটা কালো দাগ রয়েছে। আর লেজসহ পিঠ ও পাখা পুরোটা সবুজে মোড়ানো। গাছে বসলে আর তাদের দেখা যায় না, কেবল লাল ঠোঁট ছাড়া। খুব সকালে এবং পড়ন্ত বিকেলে টিয়ারা ধানখেতে বসে। প্রথমে কয়েকটি দলে ভাগ হয়ে মাঠের ওপর উড়ে বেড়ায়। তারপর সুযোগ বুঝে নেমে পড়ে ধানের খেতে। বাতাসে নুয়ে পড়া ধানখেত টিয়াদের বেশি পছন্দ।