আযাদকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদকে ট্রাইব্যুনালে হাজির হতে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল রোববার এ আদেশ দেন।রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাহিদুর রহমান পরে প্রথম আলোকে বলেন, ‘ট্রাইব্যুনাল আদেশে বলেছেন, আবুল কালাম আযাদ ওরফে বাচ্চু রাজাকারকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশের ১০ দিনের মধ্যে তাঁকে ট্রাইব্যুনালে হাজির হতে হবে। এ সময়ে তিনি হাজির না হলে বিধান অনুসারে তাঁর অবর্তমানেই বিচারকাজ শুরু হবে। ৭ অক্টোবর এ মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে।’আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর কার্যপ্রণালি বিধিমালার ৩১ বিধি অনুসারে, কোনো আসামির বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা তামিল না হলে ট্রাইব্যুনাল তাঁকে নির্ধারিত দিনের মধ্যে হাজিরের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেবেন। একটি বাংলা ও একটি ইংরেজি পত্রিকায় এই বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। বিধি ৩২ অনুসারে, এর পরও যদি আসামি হাজির না হন এবং ট্রাইব্যুনাল মনে করেন আসামি আত্মগোপন করেছেন বা পলাতক আছেন এবং শিগগিরই তাঁকে গ্রেপ্তারের কোনো সম্ভাবনা নেই, তবে আসামির অনুপস্থিতিতেই বিচার শুরু হবে।রাষ্ট্রপক্ষ জানায়, গতকাল দুপুরে আযাদকে গ্রেপ্তারের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে একটি প্রতিবেদন ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কার্যালয়ে দেওয়া হয়। এতে বলা হয়েছে, আযাদকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তবে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সুষ্ঠু ও কার্যকর তদন্তের স্বার্থে এই ট্রাইব্যুনাল গত ৩ এপ্রিল আবুল কালাম আযাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু পুলিশ ওই দিন পরোয়ানা নিয়ে দক্ষিণখানে তাঁর বাড়ি আযাদ ভিলায় গিয়ে তাঁকে পায়নি। এরপর থেকে তিনি পলাতক। ২ সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে এবং ৯ সেপ্টেম্বর তা আমলে নেন ট্রাইব্যুনাল। তাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে গণহত্যার দুটিসহ ১০টি অভিযোগ আনা হয়েছে।গোলাম আযমের বিরুদ্ধে পঞ্চম ও ষষ্ঠ সাক্ষীর জবানবন্দি: বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে দুই সদস্যের (এক সদস্য অনুপস্থিত ছিলেন) ট্রাইব্যুনাল-১-এ গতকাল জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী সেলিনা আফরোজ ও ষষ্ঠ সাক্ষী কাজী আইয়ুব হোসেন। তাঁরা এই মামলায় জব্দ তালিকার দ্বিতীয় ও তৃতীয় সাক্ষী। গোলাম আযম এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।পঞ্চম সাক্ষী জবানবন্দিতে বলেন, ১৯৯৭ সালের ১৫ সেপ্টেম্বর থেকে তিনি পুলিশের বিশেষ শাখায় (স্পেশাল ব্রাঞ্চ) উচ্চমান সহকারী পদে কাজ করছেন। তবে সাত বছর ধরে তিনি রাজনৈতিক শাখায় একই পদে কর্মরত। পরে তিনি একাত্তরে পুলিশের গোয়েন্দা প্রতিবেদন প্রদর্শনী হিসেবে ট্রাইব্যুনালে দাখিল করেন। তাঁকে সহযোগিতা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জেয়াদ-আল-মালুম।এরপর ষষ্ঠ সাক্ষী পুলিশের বিশেষ শাখার উচ্চমান সহকারী আইয়ুব হোসেন একাত্তরে এপ্রিলের প্রথম অর্ধে পূর্ব পাকিস্তান পুলিশের বিশেষ শাখার পাক্ষিক প্রতিবেদন প্রদর্শনী হিসেবে দাখিল করেন। হরতালের জন্য ট্রাইব্যুনালে আসামিপক্ষের কোনো জ্যেষ্ঠ আইনজীবী উপস্থিত না থাকায় এই দুই সাক্ষীকে জেরার জন্য আজ সোমবার দিন ধার্য করা হয়।