আযাদের দুই ছেলে ও শ্যালক রিমান্ডে
জামায়াতে ইসলামীর সাবেক সদস্য (রুকন) আবুল কালাম আযাদের দুই ছেলে ও শ্যালকের গতকাল মঙ্গলবার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আযাদকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করার অভিযোগে গত সোমবার তাঁদের গ্রেপ্তার করা হয়।এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, আযাদকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হবে। গতকাল রাজধানীর বনানী থানা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।মানবতাবিরোধী অপরাধের অভিযোগ সুষ্ঠু ও কার্যকর তদন্তের স্বার্থে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আযাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ৩ এপ্রিল। কিন্তু পুলিশ পরোয়ানা নিয়ে উত্তরখানে তাঁর বাড়িতে গিয়ে তাঁকে পায়নি। তাঁর দুই ছেলে ও শ্যালক জিজ্ঞাসাবাদে র্যাবকে জানান, আযাদ হিলি সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন।আদালত সূত্র জানায়, আযাদের দুই ছেলে মুশফিক বিল্লাহ ও ফয়সাল আযাদ এবং শ্যালক কাজী এহতেশামুল হককে গতকাল উত্তরখান থানার পুলিশ মহানগর হাকিম হাসিবুল হকের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে। আদালত প্রত্যেককে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন। আদালত তাঁদের জামিনের আবেদনও নাকচ করেন।‘ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হবে’: গতকাল বিকেলে বনানী থানার উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাচ্চু রাজাকার’ (আবুল কালাম আযাদ) কীভাবে পালালেন, তা তদন্ত করা হচ্ছে। তিনি যদি পালিয়ে দেশের বাইরে গিয়ে থাকেন, তবে তাঁর অবস্থান শনাক্তের জন্য ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হবে। ইন্টারপোলের সাহায্যেই তাঁকে দেশে ফিরিয়ে আনার বন্দোবস্ত করা হবে।বনানীর এফ ব্লকের ৭ নম্বর সড়কের ৩৭ নম্বর বাড়িতে বনানী থানার কার্যক্রম উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ নিয়ে ঢাকা মহানগরে থানার সংখ্যা দাঁড়াল ৪৩।