আর অকর্মা থাকবেন না হতদরিদ্র শাহানারারা
সেলাইয়ের কাজ জানেন শাহানারা খাতুন। কিন্তু সেলাই মেশিন কেনার সামর্থ্য না থাকায় ছিলেন অকর্মা। ইজিবাইকচালক স্বামী জাহাঙ্গীর আলমের আয় দিয়ে পাঁচজনের সংসার চালানোই যে কষ্টের ব্যাপার।
ঝিনাইদহের আরাপপুর এলাকার বাসিন্দা শাহানারাকে আর হয়তো কষ্টের দিন গুনতে হবে না। গতকাল শনিবার তিনি হাতে পেয়েছেন একটি সেলাই মেশিন। তাঁর আশা, সেলাই মেশিন ঘুরিয়ে তিনি মাসে চার-পাঁচ হাজার টাকা আয় করতে পারবেন। সংসারে আর অভাব থাকবে না। ছেলেমেয়ের পড়াশোনার খরচ নিয়ে দুশ্চিন্তা থাকবে না।
শাহানারাসহ ঝিনাইদহের আটজন হতদরিদ্র নারীর হাতে সেলাই মেশিন তুলে দিয়েছে বেসরকারি প্রাপ্য সমাজ কল্যাণ সংস্থা। মেশিন হস্তান্তর উপলক্ষে গতকাল শহরের পাগলাকানাই এলাকায় সংস্থার নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ঝিনাইদহ সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, সাংবাদিক শেখ রুহুল আমিন, সংস্থার নির্বাহী পরিচালক শফিক আকরাম প্রমুখ।
শফিক আকরাম বলেন, যুক্তরাজ্যভিত্তিক বহুজাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠান মিলওয়ার্ড ব্রাউনের সহায়তায় এলাকার হতদরিদ্র নারীদের মধ্যে তাঁরা সেলাই মেশিন বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করছেন। গত দুই মাসে তাঁরা এ পর্যন্ত ১৫ জন কর্মক্ষম নারীর মধ্যে সেলাই মেশিন বিতরণ করেছেন। এ কার্যক্রম অব্যাহত থাকবে।