আর এ গণির দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর এ গণি
আর এ গণি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গণিকে বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। আজ বিকেল সাড়ে ৪টার দিকে তাঁকে দাফন করা হয়। এ সময় তাঁর পরিবারের সদস্য, শুভাকাঙ্খি, রাজনৈতিক সহকর্মী ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আর এ গণি (৮৯) গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার একটি হাসপাতালে মারা যান। আজ শুক্রবার জুমার নামাজের পর ধানমন্ডির ঈদগাহে প্রথম, এরপর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
দাফনের সময় বিএনপির নেতাদের মধ্যে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, প্রচার সম্পাদক জয়নাল আবদীন ফারুক, সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান, শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন। দলীয় কার্যালয়ে জানাজায় দলের জ্যেষ্ঠ নেতারা ছিলেন।

আর এ গণির জন্ম ১৯২৭ সালে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার বসনিয়া পাড়া গ্রামে। তিনি ম্যাট্রিকুলেশনে ১৩ তম স্থান অর্জন করেন। এরপর কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে ইন্টারমিডিয়েট এবং ১৯৫২ সালে ঢাকা ইঞ্জিনিয়ারিং কলেজ (বর্তমান বুয়েট) থেকে পুরকৌশল স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৫৩ সালে তিনি ঢাকায় গণি বাংলা লিমিটেড নামে একটি প্রকৌশল বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান গড়ে তোলেন। ১৯৬৩ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং এরপর ওয়াশিংটনের একটি বিশ্ববিদ্যালয় থেকে ডিএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ভাষা আন্দোলন, গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধে অংশ নেন। জিয়াউর রহমানের হাত ধরে তিনি রাজনীতিতে আসেন।
আর এ গণি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন। ১৯৭৯ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি তিন মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।