আর এ গনি সমাহিত বনানী কবরস্থানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে তিন দফা জানাজার পর গতকাল শুক্রবার বিকেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য রওশন আলী গনিকে (আর এ গনি) বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। আগামী মঙ্গলবার সন্ধ্যায় ধানমন্ডির ৯/এ সড়কে মরহুমের বাসায় কুলখানি হবে।
আর এ গনি জিয়াউর রহমানের সরকারে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ছিলেন। তাঁর মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন।
বিএনপির প্রবীণ এই নেতা গত বৃহস্পতিবার মধ্যরাতে স্কয়ার হাসপাতালে মারা যান। গতকাল সকালে মরদেহ মরহুমের ধানমন্ডির বাসায় নেওয়া হয়। জুমার নামাজের পর ধানমন্ডির ঈদগাহ মসজিদে মরহুমের প্রথম জানাজা হয়। এরপর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় ও জাতীয় সংসদ প্রাঙ্গণে তৃতীয় জানাজা হয়।
জানাজায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ, গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, তরিকুল ইসলাম ও নজরুল ইসলাম খান, আলতাফ হোসেন চৌধুরী, খন্দকার মাহবুব হোসেন, জামায়াতের কর্মপরিষদের সদস্য ইজ্জত আলী প্রমুখ অংশ নেন। জ্যেষ্ঠ নেতারা কফিনে ফুল দিয়ে আর এ গনির প্রতি শ্রদ্ধা জানান।