আর একটা বন্য প্রাণী যেন বিলুপ্ত না হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্য প্রাণী রক্ষায় সরকারকে এমন জোরালো পদক্ষেপ নিতে হবে, যাতে আর একটি বন্য প্রাণীও বিলুপ্ত না হয়। যে ১ হাজার ৬১৮ প্রজাতির প্রাণী টিকে আছে, তাকে রক্ষা করতে হবে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ বুধবার দেশের বন্য প্রাণীর হালনাগাদ তালিকা প্রকাশ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

বন বিভাগ ও ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) যৌথভাবে এই তালিকা প্রস্তুত ও প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করে। বিশ্বব্যাংকের অর্থায়নে ‘রেড লিস্ট’ নামের এই তালিকাটিতে বিলুপ্ত, মহাবিপন্ন, বিপন্ন, ঝুঁকিতে থাকা ও ঝুঁকিতে নেই এমন প্রাণীদের নাম ও অবস্থান যুক্ত করা হয়েছে। নতুন এই তালিকায় বন্য প্রাণী বিশেষজ্ঞদের নতুন করে পাওয়া ১৪ প্রজাতির প্রাণীর নামও যুক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ ও বনসচিব কামাল উদ্দিন আহমেদ বলেন, সরকার জাতীয় জীববৈচিত্র্য কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে। জীববৈচিত্র্য রক্ষায় সরকারের নেওয়া নানা উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, বন্য প্রাণী রক্ষায় সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।

রেড লিস্ট প্রকল্পের প্রধান কারিগরি উপদেষ্টা আলী রেজা খান বন্য প্রাণীর এই হালনাগাদ তালিকাকে দেশের অমূল্য সম্পদ হিসেবে বর্ণনা করে বলেন, এই প্রাণীগুলো রক্ষায় এখন সরকারকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে।

অনুষ্ঠানে পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম বলেন, বন্য প্রাণী রক্ষায় সরকার যথেষ্ট সোচ্চার। এ বিষয়ে আইন করা হয়েছে। বন বিভাগে আলাদা দপ্তর খোলা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তাও নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান সংরক্ষক ইউনুস আলী বলেন, দেশের প্রতিবেশব্যবস্থা ঠিক করতে না পারলে বন্য প্রাণী রক্ষা করা যাবে না। ঢাকার চারপাশের চার নদীর উদাহরণ টেনে তিনি বলেন, এই নদীগুলোতে বন্য প্রাণী তো দূরে থাক, কোনো প্রাণই বেঁচে থাকতে পারবে না। শিল্পবর্জ্যের দূষণে বিপর্যস্ত আমাদের পরিবেশ রক্ষায় জাতীয় ঐকমত্য গড়ে তোলার ওপরে জোর দেন তিনি।

তালিকা প্রকাশের আগে দেওয়া বক্তৃতায় আইইউসিএন, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ইশতিয়াক উদ্দিন আহমেদ বলেন, আইইউসিএন ১৯৬৩ সাল থেকে রেড লিস্ট নামে এই তালিকা তৈরি করছে। সংস্থাটি ২০২০ সালের মধ্যে বিশ্বের ১ লাখ ৬০ হাজার বন্য প্রাণীর অবস্থা সম্পর্কে গবেষণা করার লক্ষ্য ঠিক করেছে। বাংলাদেশে বন্য প্রাণী রক্ষার বিষয়টি রাষ্ট্রীয়ভাবে যথেষ্ট গুরুত্ব পায় না বলে মন্তব্য করেন তিনি।

রেড লিস্ট প্রকল্পের পরিচালক মোহাম্মদ শাহাদ মাহবুব চৌধুরী বন্য প্রাণীদের হালনাগাদ তালিকার সারসংক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, দেশের ৩৯০ প্রজাতির বন্য প্রাণী কোনো না কোনোভাবে বিপন্ন। দেশের ৫৬৬ প্রজাতির পাখির মধ্যে ১৯টি গত ১০০ বছরের বেশি সময়ে বিলুপ্ত হয়ে গেছে। বিলুপ্তির দৌড়ে দ্বিতীয় অবস্থান স্তন্যপায়ী প্রাণীদের। ১১ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী হারিয়ে গেছে এই সময়ে। আর সরীসৃপজাতীয় প্রাণী বিলুপ্ত হয়েছে একটি।